প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৯:২৭ পিএম
প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। এরপর এক মাসের বেশি সময় বিরতির পর নেমেছিল বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়েছে দরিয়েলতন গোমেজ-রবসন রবিনহোরা। ১৮ এপ্রিল চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের মধ্যকার জয়ী দলের সঙ্গে ৯ মে ফাইনালের টিকিট কাটতে লড়বে কিংসরা।
মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে বসুন্ধরার হয়ে জোড়া গোল করেন দরিয়েলতন। অন্য গোলটি করেন অধিনায়ক রবিনহো। ব্রাজিলিয়ান দরিয়েলতেনের আত্মঘাতী গোলে শুরুতে পিছিয়েও পড়েছিল বসুন্ধরা। পরে তার নৈপূন্যেই আসে জয়।
আরও পড়ুন:
খেলার ৩৫ মিনিটে অনেকটা ধারার বিপরীতে মুক্তিযোদ্ধা এগিয়ে যায়। জাপানি সোমা ওতানির কর্নারে দোরিয়েলতনের মাথা ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। ৪২ মিনিটে রবিনহোর ক্রস দোরিয়েলতনের শটে লক্ষ্যভেদ করে স্বস্তি ফেরান কিংস শিবিরে। বিরতির পর বসুন্ধরা বসে পুরোপুরি চালকের আসনে।
৭৯ মিনিটে রবিনহোর কর্নারে দোরিয়েলতন হেডে ২-১ করেন। দুই মিনিট পর তার ব্যাক পাস থেকে রবিনহো বক্সের ভেতরে বল পেয়ে দারুণ শটে মুক্তিযোদ্ধাকে ম্যাচ থেকে ছিটকে দেন। ভিলেন বনতে যাওয়া দরিয়েলতন শেষ পর্যন্ত নায়ক বনে যান। দলও পায় বড় জয়।