প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ২১:৩২ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ২১:৪৭ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে প্রশ্ন ছিল; টেস্টে থাকছেন তো সাকিব? পরে সেই শঙ্কা দূর হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের কথায়। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও সহঅধিনায়ক লিটন দাসকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ। এবার শোনা যাচ্ছে, আইপিএলেই খেলছেন না তিনি। আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলবেন তিনি।
আরও পড়ুন: ঢাকা টেস্টে অনিশ্চিত তামিম
সাকিবের আইপিএল খেলতে না যাওয়ার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতার এক কর্মকর্তা বলেন, ‘সাকিব আইপিএলে খেলবেন না। জাতীয় দলের ব্যস্ততা থাকায় সাকিবকে পাওয়া যাবে না। তাই অন্য বদলি ক্রিকেটারকে দলে নেওয়া হবে। সাকিবকে প্রস্তাব দেওয়ার পর বিষয়টি মেনে নিয়েছে।’
শুধু সাকিব নয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও বলেছে দলটির কর্মকর্তারাও। সেখানে বিসিবি সভাপতি সরাসরি জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলা চলাকালীন সাকিবকে আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। মূলত এই কারণেই সাকিবের বদলি নেওয়ার পক্ষে কলকাতা কর্তৃপক্ষ। সাকিব আইপিএলকে না বললেও লিটন অবশ্য দলটিতে যোগ দিবেন।
আগামী ৮ তারিখ বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ শেষ হবে। ফিরতি সিরিজ খেলতে আগামী মাসেই আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেই সময় আবার জাতীয় দলে যোগ দিতে হবে সাকিবকে। ১৪ মে আইরিশদের বিপক্ষে ওই সিরিজ শেষ হবে। ফলে সাকিবকে মৌসুমের বেশিরভাগ সময়ই পাবে না দলটি। তাই সাকিবের বিকল্প খুঁজছিল কলকাতা।
আইপিএলে না যাওয়া সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের জার্সিতে। বিষয়টি নিয়ে দলটির পরিচালক সাব্বির গণমাধ্যমকে বলেন, ‘আইপিএলে না গেলে ৮ তারিখের পর সাকিব মোহামেডানের হয়ে খেলবে।’