× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরাথের পছন্দেও তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৪ পিএম

হেরাথের পছন্দেও তাইজুল

বিপিএল ফাইনালের ডামাডোলে ঘোষণা হয়েছিল ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল। সেই দলে অনেকটা চমক হিসেবেই আসে তাইজুল ইসলামের নাম, শেষ ওয়ানডেটা যে তিনি খেলেছিলেন ছয় মাসেরও বেশি সময় আগে! টেস্ট দলে নিয়মিত মুখ হলেও সাদা বলের ক্রিকেটে তাইজুল এখনও ডাক পান কালেভদ্রে। ৮ বছরের ক্যারিয়ারে ১২ ওয়ানডে আর ২ টি-টোয়েন্টি সাক্ষ্য দিচ্ছে তারই। তবে স্পিন কোচ রঙ্গনা হেরাথের বিশ্বাস, সাদা বলের ক্রিকেটে এখনও অনেক কিছু দেওয়ার আছে তাইজুলের।

টেস্ট ক্যারিয়ারে ১৬৬ উইকেটের মালিক হলে তাইজুলের ১২ ওয়ানডের ক্যারিয়ারে নামের পাশে জমা পড়েছে ২০ উইকেট। সবশেষ ওয়ানডেতেও ৩৪ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। তাই এক দিনের ক্রিকেটেও তার ওপরই আস্থা রাখতে চান স্পিন কোচ।

গতকাল স্পিন ক্যাম্পের দ্বিতীয় দিন শেষে তিনি জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ যে ম্যাচটি খেলেছে তাইজুল, সে ম্যাচটায় ভালো বোলিং করেছে। তো আমি তাইজুলকে এমন একজন হিসেবেই দেখি, যে ওয়ানডে ক্রিকেটেও বোলিং করতে পারে।’

আরও পড়ুন: হেরাথের স্পিন ক্লাসে একদিন

নাসুম আর তাইজুলের মধ্যেও শেষজনই প্রাধান্য পান কোচ হেরাথের কাছে। তার ভাষ্য, ‘আমি সব সময় তাইজুলকে প্রাধান্য দিয়েছি। যেমনটা বললাম, সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। তো আমি তাইজুলের মধ্যে ওয়ানডে ক্রিকেটেরও অনেক প্রতিভা দেখতে পাই।’

নাসুমের জায়গায় তাইজুল এবার জায়গা পেলেন ওয়ানডে দলে। সেটাও কি তাহলে হেরাথের ‘প্রাধান্যের’ কারণেই? সাবেক লঙ্কান স্পিনারের সোজাসাপ্টা উত্তর, না। বললেন, ‘আমার মনে হয় না কোচ হিসেবে দল নির্বাচনে আমাদের জড়ানোর কোনো প্রয়োজন আছে। আমরা এখানে আছি স্পিনারদের সাহায্য করতে ও ঠিক পথে রাখতে।’

দল নির্বাচনের প্রক্রিয়ায় নির্বাচকদের ওপরই আস্থা রাখলেন হেরাথ। বললেন, ‘দল বাছাইয়ের জন্য তাদের খুব ভালো নির্বাচক প্যানেল আছে। এই মুহূর্তে দল নির্বাচন নিয়ে আমার কোনো ধারণা নেই। আশা করি সামনের কয়েক দিনে আমরা একসঙ্গে হব।’

আরও পড়ুন: ডোনাল্ডও ফিরছেন আজ

তবে স্পিনারদের পারফরম্যান্স নিয়ে নির্বাচকদের জানাতে বাধা নেই হেরাথের। বললেন, ‘বিসিবি বা নির্বাচকদের মধ্য থেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স, বর্তমান অবস্থা সম্পর্কে জানাব।’
সবকিছু ঠিকঠাক থাকলে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিব আল হাসান নামবেন মাঠে। সঙ্গে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও আছেন দলে। এ দুজন দলে থাকলে ওয়ানডে দলে বাড়তি বাঁহাতি স্পিনার নেওয়ার জায়গাটাও কমে আসে। নাসুমের দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে সে কারণটাকেই দেখছেন হেরাথ।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান রেষারেষিতে এশিয়া কাপ

জানালেন, ‘সবকিছু আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। সাকিব থাকলে আরও দুজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই। মিরাজও আছে। তো নির্বাচকদের হয়তো তাইজুল বা নাসুমকে নিতে হবে। দুজনের পারফরম্যান্সও এক। তাই আমার মতে নির্বাচকরা বেস্টকেই বেছে নিয়েছেন।’

আর এই সিদ্ধান্তটা স্বাধীনভাবে নিয়েছেন নির্বাচকরাই, জানালেন বাংলাদেশের স্পিন কোচ। বললেন, ‘এই সিদ্ধান্ত পুরোপুরি নির্বাচকদের ছিল এবং অধিনায়ক-কোচও ছিলেন। আমি না। তাদের যদি কোনো পরামর্শ বা অ্যাডভাইজ প্রয়োজন হয় পারফরম্যান্সের ব্যাপারে, আমি দিতে প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা