প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৩ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। ২৪ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে লড়াইয়ের উত্তাপটা শুরু হয়ে যাবে আজই।
এদিন ঢাকায় আসছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পেয়ে এটিই প্রথম সফর এই লঙ্কানের। সঙ্গে একই দিন ঢাকায় পা রাখব্নে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
আরও পড়ুন: হেরাথের স্পিন ক্লাসে একদিন
বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং কোচ হিসেবে গত বছরের মার্চে নিয়োগ পেয়েছিলেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার। বোলারদের পারফরম্যান্স উন্নতির দিকে থাকায় ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজেও ছিলেন ডোনাল্ড। এবার সেই চুক্তি বাড়িয়ে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে।
এই হিসেবে হাথুরুর মতো ডোনাল্ডের জন্যও এটি নতুন মিশন। শুরুতেই প্রতিপক্ষ ইংল্যান্ড। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। ১ ও ৩ মার্চ মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে, ৬ মার্চ। বন্দরনগরীতেই ৯ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ১২ ও ১৪ মার্চ, ঢাকায়।