প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৩ পিএম
বিশ্বকাপের পর ক্রিকেটে সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। বহু বছর পর সেই আসর নিজেদের মাটিতে করতে চেয়েছিল পাকিস্তান। ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে নিয়ে ৯ দলের আসর বসাতে চেয়েছিল দেশটি। চলতি বছরের সেপ্টেম্বরে হতে যাওয়া ১৬তম আসরকে সামনে রেখে চারটি ভেন্যুও প্রস্তুত করে রেখেছিল পাকিস্তান। তবে সে আশার গুড়েবালি। পাকিস্তানের আয়োজক হওয়ার পথে জল ঢেলে দিয়েছে ভারত। আর তাতেই বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান।
সবশেষ ২০০৮ সালে নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। এরপর মাঝে দীর্ঘ সময় নিজেদের মাটিতে খেলার সুযোগ পায়নি দলটি। নির্বাসিত হয়ে ঘুরে ঘুরে খেলতে হয়েছে তাদের। তবে সেই সময়কে পেছনে ফেলে এসেছে তারা। কদিন আগেও দেশটিতে সফর করে গেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল। যেখানে আতিথেয়তা ও আয়োজনে মুন্সিয়ানা দেখিয়েছে দেশটি। তাতে অর্জিত হয়েছে বিশ্বাস। মিলেছে ক্রিকেটের জন্য নিরাপদ পাকিস্তানের স্বীকৃতি। পাকিস্তানের এত কিছুর পেছনে মূল লক্ষ্যটা ছিল এশিয়া কাপ আয়োজন। এখন সেটা ঘিরেই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আরও পড়ুন: হেরাথের স্পিন ক্লাসে একদিন
দুশ্চিন্তার কারণও আছে। কেননা এরই মধ্যে বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, পাকিস্তানের মাটিতে খেলতে আগ্রহী নই আমরা। তবে অন্য কোথাও ম্যাচ আয়োজন হলে আপত্তি নেই। অন্যদিকে জয় শাহর মন্তব্যের প্রতিক্রিয়ায় পিসিবির সাবেক প্রধান রমিজ রাজা জানিয়েছেন, ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না এলে আমরাও তাদের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলব না। তবে পরবর্তীতে পিসিবিপ্রধান নাজাম শেঠি বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছেন ভারতকে রাজি করাতে। যদিও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি বিষয়টির।
ফলে সবকিছু বিবেচনায় এনে ভিন্ন পথে এগোনোর চিন্তা করছে পাকিস্তান। জানা যায়, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হবে, তবে দেশটিতে খেলতে আসবে না ভারত। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। আর ভারত যদি আসরের ফাইনালে ওঠে, সেক্ষেত্রেও তাদের সঙ্গে প্রতিপক্ষকে খেলতে হবে আরব আমিরাতের মাটিতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী নয় তারা।
আর এতে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তানের এশিয়া কাপ আয়োজন। কেননা এতে নিরাপত্তা ব্যবস্থাসহ ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা থাকছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। এ অবস্থায় চাপ তৈরি করছে সম্প্রচারের স্বত্ব পাওয়া টেলিভিশন চ্যানেলও। স্বত্ব বিক্রির সময় এসিসি ম্যাচের যে তালিকা দিয়েছিল, তাতে কমপক্ষে দুটি ভারত-পাকিস্তান ম্যাচের কথা উল্লেখ ছিল। সেভাবেই চুক্তি হয়েছিল। এখন ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেই চুক্তি ভঙ্গ হবে।
আরও পড়ুন: ডোনাল্ডও ফিরছেন আজ
তবে এশিয়া কাপে ভারত অংশ না নিলে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান—এমনটা বিশ্বাস করেন না ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ বিষয়ে তিনি বলেন, ‘এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত ঘোষণা করেছে যে যদি পাকিস্তানে হয়, তাহলে আমরা অংশগ্রহণ করব না। এরপর পাকিস্তানও আমাদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ বর্জন করার কথা বলছে। তবে আমি মনে করি এটি তাদের পক্ষে সম্ভব নয়।’
অশ্বিনের কথার উত্তর দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে, ‘কেউ যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে তবে শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তারা নিজেদেরকে শক্ত করে তুলেছে, তাই তারা এভাবে কথা বলতে পারছে, না হলে তাদের সাহস হতো না। তবে এশিয়া কাপ নিয়ে আমার কোনো ধারণা নেই। এক্ষেত্রে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাদের এগিয়ে আসা উচিত। যদিও আইসিসি বিসিসিআইয়ের সামনে কিছু করতে পারবে না।’