আল জাজিরার এক্সপ্লেইনার
মধ্য গাজার নুসেইরাতে সামরিক অভিযানের মুখে এলাকা ছাড়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশের পর নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়িঘর ও আশ্রয়শিবির ছেড়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ১৮ নভেম্বর ২০২৬। ছবি: এএফপি
সাত বছরের দীর্ঘ বিচারিক পর্যালোচনা ও তদন্ত শেষে জাতিসংঘের শীর্ষ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়েছেন, মিয়ানমার তাদের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে।
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম কোনো দেশের বিরুদ্ধে সরাসরি গণহত্যার রায় দিল নেদারল্যান্ডসের দ্য হেগের এই আদালত। ফলে গত বৃহস্পতিবার দেওয়া এ রায়কে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এটি একটি বড় আইনি স্বীকৃতি। মিয়ানমারের সামরিক বাহিনী এবং অ-রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে রাখাইনে কয়েক দশকের নিপীড়ন, নির্যাতন ও হত্যাকাণ্ডের পর অবশেষে তাদের দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের ঘিঞ্জি আশ্রয়শিবিরে বসবাস করছেন এবং ৫ লাখেরও বেশি রোহিঙ্গা এখনো মিয়ানমারে অবরুদ্ধ ও বৈষম্যের শিকার অবস্থায় দিন কাটাচ্ছেন।
এই রায় বিশ্বের অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর মনে নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে কোনো সরকারের গণহত্যার ‘অভিপ্রায় বা উদ্দেশ্য’ প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে আদালত, যা এ ধরনের মামলার ক্ষেত্রে সবচেয়ে জটিল বিষয়।
বিশেষজ্ঞদের মতে, এ রায়ের বড় ধরনের প্রভাব পড়তে পারে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা বিচারাধীন গণহত্যা মামলাটির ওপর।
আদালতের প্রধান বিচারপতির তিন ঘণ্টার রায় পড়ার সময় রোহিঙ্গা জনগোষ্ঠী যেভাবে উল্লাস ও আনন্দের কান্নায় ভেঙে পড়েছিল, তা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে—ফিলিস্তিনিরাও কি একদিন এমন ন্যায়বিচার দেখতে পাবেন?
তবে ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজার আল জাজিরাকে বলেন, “এই রায় সরাসরি গাজা মামলার ভাগ্য নির্ধারণ করবে না। কিন্তু শেষ পর্যন্ত কোন আইনি দৃষ্টিকোণ থেকে গাজার বিষয়টি বিবেচনা করা হবে, তা হয়তো ঠিক করে দেবে এটি।”
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাটি কী?
গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর তিন মাস পর, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর দ্য হেগের আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। তাদের অভিযোগ, গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে এবং এখনো চালাচ্ছে ইসরায়েল।
শুরুতেই বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েলকে সামরিক অভিযান অবিলম্বে স্থগিতের নির্দেশ দেওয়ার জন্য আইসিজের প্রতি আহ্বান জানিয়েছিল প্রিটোরিয়া।
২০২৪ সালের জানুয়ারিতে দুই দিনের শুনানির পর আইসিজে রায় দেন, ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার শামিল হওয়ার ‘বিশ্বাসযোগ্য আশঙ্কা’ রয়েছে। এরপর আদালত অপরাধটি প্রতিরোধে ‘সব ধরনের ব্যবস্থা’ নেওয়ার জরুরি অন্তর্বর্তী আদেশ দেন। অথচ ইসরায়েলের যুক্তি ছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হওয়ার ঘটনায় তারা ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগ করছে।
২০২৪ সালের মার্চে গাজায় অব্যাহত হত্যাকাণ্ডের মুখে দক্ষিণ আফ্রিকা অতিরিক্ত ব্যবস্থার আবেদন জানালে আদালত সেখানে খাদ্য সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেন। কারণ, গাজার মানুষ দুর্ভিক্ষ ও অনাহারের মুখে পড়েছিল। এরপর একই বছরের মে মাসে তৃতীয় এক আদেশে রাফাহ সীমান্তে প্রাণঘাতী স্থল অভিযান বন্ধের নির্দেশ দেন আইসিজে।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ইসরায়েল আদালতের এসব আদেশের একটিও মানেনি।
২০২৪ সালের জানুয়ারির শুনানির সময় গাজায় নিহতের সংখ্যা ছিল প্রায় ২৩ হাজার, যার মধ্যে ১০ হাজারই ছিল শিশু। আর বর্তমানে এ সংখ্যা প্রায় ৭৫ হাজারে পৌঁছেছে, যার মধ্যে আনুমানিক ২১ হাজার শিশু রয়েছে। এ হিসাবের বাইরে রয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও মৃত বলে ধারণা করা কয়েক হাজার মানুষ। এ ছাড়া ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬৬২ জন নিহত হয়েছেন।
ইসরায়েল সত্যিই গণহত্যা চালাচ্ছে কি না, সে বিষয়ে চূড়ান্ত রায় পেতে কয়েক বছর সময় লাগতে পারে। কারণ, উভয় পক্ষকেই একাধিক লিখিত যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করতে হবে। আগামী ২০২৭ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা তাদের পরবর্তী যুক্তিতর্ক জমা দেবে।
গাজা ও মিয়ানমার মামলার মধ্যে আইনি মিল কোথায়?
রোহিঙ্গা ও ফিলিস্তিনি—উভয় শরণার্থীর জন্যই আইনি প্রক্রিয়া তাৎক্ষণিক কোনো স্বস্তি বয়ে আনেনি। (যদিও বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আনুষ্ঠানিক ‘শরণার্থী’ হিসেবে মর্যাদা দেয়নি, বরং ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক’ হিসেবে চিহ্নিত করেছে)। একদিকে চরম প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়শিবিরের তাঁবু ভেসে যাচ্ছে, অন্যদিকে অব্যাহত হামলায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গাজায় ইসরায়েলি হামলা (যেমন সম্প্রতি দক্ষিণ গাজার নাসের মেডিক্যাল কমপ্লেক্সে) এবং মিয়ানমারে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সহিংসতায় বেসামরিক নাগরিকেরা এখনো নিয়মিত মারা যাচ্ছেন।
তবে এ দুই মামলার মধ্যে গভীর আইনি সাদৃশ্য রয়েছে।
২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ এনে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। এর ঠিক দুই বছর আগে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ‘তাতমাদো’ তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযান শুরু করেছিল। পুলিশের তল্লাশিচৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের (আরসা) হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছিল তারা।
নির্বিচার হত্যাকাণ্ড, গ্রাম জ্বালিয়ে দেওয়ার ছবি, ভিডিও ও স্যাটেলাইট চিত্র, হাজার হাজার ভুক্তভোগীর ওপর ধর্ষণ ও নির্যাতনের বর্ণনা এবং শীর্ষ সেনা কমান্ডারদের বিদ্বেষমূলক বক্তব্যের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বেসামরিক নাগরিকদের ওপর অপরাধের কথা অস্বীকার করেছিল মিয়ানমার।
তবে গত বৃহস্পতিবার আইসিজের ১৫ জন বিচারকের মধ্যে ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মতামতে বলা হয়, ব্যাপক নৃশংসতার এসব তথ্যপ্রমাণ থেকে এই ‘একমাত্র যৌক্তিক সিদ্ধান্তে’ পৌঁছানো যায় যে দেশটিতে সত্যিই গণহত্যা সংঘটিত হয়েছে।
আদালত জানায়, মিয়ানমার ইচ্ছাকৃতভাবে বেসামরিক মিলিশিয়াদের রোহিঙ্গাদের ওপর হামলার সুযোগ দিয়েছে, দায়ী কমান্ডারদের বিরুদ্ধে তদন্ত বা শাস্তি দিতে ব্যর্থ হয়েছে, একটি পুরো গোষ্ঠীকে ধ্বংস ও জন্মদানে বাধা দেওয়ার ‘উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে এবং তথ্যপ্রমাণ সংরক্ষণে ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তী আদেশ লঙ্ঘন করেছে।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায়ে বলেন, আদালত নিশ্চিত হয়েছেন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম বর্বরতা চালিয়েছে এবং প্রাণভয়ে দল বেঁধে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলা করেছে।
রায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফেরত বা ক্ষতিপূরণ দেওয়া, নিখোঁজদের সন্ধান, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র করা, মর্যাদাপূর্ণ দাফন, চিকিৎসাসেবা ও মানসিক ট্রমা কেয়ার দেওয়া এবং ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি রোধ করা।
গাজার ক্ষেত্রেও এমন দৃশ্য ও প্রমাণ প্রচুর রয়েছে। বর্তমানে ইসরায়েলের ঘোষিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পেছনে মাত্র ১২৮ বর্গকিলোমিটার এলাকায় (গাজার মোট ভূমির ৩৫ শতাংশ) প্রায় ২১ লাখ মানুষকে ঠেলে দেওয়া হয়েছে।
ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ও কর্মকর্তারা ফিলিস্তিনিদের হেয় করে অসংখ্য উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এ ছাড়া ২০২৫ সালে আল জাজিরার অনুসন্ধানী দলের প্রামাণ্যচিত্র ‘গাজা’য় খোদ ইসরায়েলি সেনাদের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবি ব্যবহারের মাধ্যমে তাদের যুদ্ধাপরাধের চিত্র উন্মোচিত হয়েছিল।
গাজা মামলার ক্ষেত্রে এই রায়ের প্রভাব কী?
মিয়ানমার মামলায় সামরিক কমান্ডারদের সরাসরি লিখিত নির্দেশের বাইরে অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে আদালত যেভাবে গণহত্যার বিষয়টি গ্রহণ করেছেন, গাজার ক্ষেত্রেও তেমনটি ঘটতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস) ইতিমধ্যেই গাজায় গণহত্যা সংঘটিত হয়েছে বলে মত দিয়েছে।
মিয়ানমারের মতোই ইসরায়েলও দাবি করে আসছে, তারা আত্মরক্ষার্থে লড়াই করছে এবং তাদের লক্ষ্য শুধু হামাস, বেসামরিক মানুষ নয়। অথচ বাস্তবে হতাহতদের বড় অংশই নারী ও শিশু।
বিশ্লেষক আহমেদ নাজার বলেন, মিয়ানমারের রায়ে আদালত দেখিয়েছেন যে সামগ্রিক ও ধারাবাহিক কর্মকাণ্ড পর্যালোচনার মাধ্যমেই গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সম্ভব। গাজার বিষয়টি আদালতকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে ঠিকই, কিন্তু এ রায় দক্ষিণ আফ্রিকাকে একটি স্পষ্ট আইনি রূপরেখা এনে দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক নাগরিক অধিকার সংগঠন কেজ ইন্টারন্যাশনালের আনাস মুস্তফা বলেন, গত ২৫ বছর ধরে তৈরি হওয়া একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি হয়েছিল মিয়ানমারের মামলাটি। প্রশ্নটি হলো—একটি রাষ্ট্র কি ‘সন্ত্রাস দমন’-এর অজুহাত দিয়ে একটি জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে? আদালত প্রথমবারের মতো এমন যুক্তি পুরোপুরি খারিজ করে দিয়ে মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেছেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা ঔপনিবেশিক শক্তিগুলোই অতীতে এ ধরনের পরিভাষা তৈরি করেছিল, যা আজ রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আফগানিস্তান ও ইরাক আক্রমণ থেকে শুরু করে গাজা পর্যন্ত—যারা এ ভাষার জনক, তারা এখনো কোনো বিচারের মুখোমুখি হয়নি।
গণহত্যার রায় দেওয়া কেন এত জটিল?
যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের তুলনায় গণহত্যা, বিশেষ করে ‘গণহত্যার উদ্দেশ্য বা অভিপ্রায়’ প্রমাণ করা আদালতের পক্ষে সবচেয়ে কঠিন কাজ।
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদে বলা হয়েছে, একটি জাতীয়, নৃতাত্ত্বিক, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত অপরাধই হলো গণহত্যা।
উদ্দেশ্য প্রমাণের পাশাপাশি পাঁচটি নির্দিষ্ট অপরাধের মাধ্যমে গণহত্যা প্রমাণিত হয়: ১. গোষ্ঠীর সদস্যদের হত্যা করা; ২. গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি সাধন; ৩. সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা; ৪. জন্মদানে বাধা দেওয়া; এবং ৫. শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা। আইসিজে মিয়ানমারকে এর মধ্যে চারটিতেই দোষী সাব্যস্ত করেছেন।
যেহেতু আইসিজে কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, শুধু রাষ্ট্রের বিরুদ্ধে বিচার করতে পারে, তাই বাদীপক্ষকে প্রমাণ করতে হয় যে পুরো রাষ্ট্রটিই এ উদ্দেশ্য নিয়ে অপরাধ ঘটিয়েছে, কেবল এর ভেতরের কিছু ব্যক্তি নয়। আগের মামলাগুলো মূলত এখানেই আটকে যেত।
যেমন ২০০৭ সালে আইসিজে রায় দিয়েছিলেন যে সার্বিয়া সরাসরি গণহত্যা চালায়নি; তবে স্রেব্রেনিৎসায় বসনিয়ান সার্ব সেনাদের গণহত্যা ঠেকাতে বা শাস্তি দিতে ব্যর্থ হয়ে তারা সনদ লঙ্ঘন করেছে। অথচ জাতিসংঘের অন্যান্য ট্রাইব্যুনাল ব্যক্তিবর্গকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছিল।
তবে যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ত্রিয়েস্তিনো মারিনিয়েলো বলেন, ২০০৭ সালের তুলনায় বর্তমান আইসিজে অনেক বেশি বাস্তববাদী ও নমনীয় দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। আদালত স্পষ্ট করেছেন, তথাকথিত ‘আত্মরক্ষা’র আড়ালেও গণহত্যা হতে পারে।
তিনি বলেন, “অবশ্যই প্রেক্ষাপট আলাদা, তবে গাজার ব্যাপক ও পদ্ধতিগত ধ্বংসযজ্ঞের ক্ষেত্রেও এটি হুবহু প্রযোজ্য হতে পারে। আদালত যদি মিয়ানমারের ক্ষেত্রে অন্য রায় দিতেন, তবে দক্ষিণ আফ্রিকার কোনো সুযোগ থাকত না। কিন্তু এ রায় তাদের পথ সুগম করেছে।”
ইসরায়েলের মিত্রদের ওপর কী প্রভাব পড়বে?
এ রায়ের কারণে যেসব দেশ ইসরায়েলের সহযোগী হিসেবে কাজ করছে, তাদেরও জবাবদিহির আওতায় আসার পথ তৈরি হতে পারে।
ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, তারা রায়ের ওপর নিবিড় দৃষ্টি রাখছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে ওয়াশিংটন ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও এর বিচারকদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মিয়ানমারের রায়ের পর যুক্তরাষ্ট্র এখন আইসিজের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই আইসিসির সদস্য না হলেও জাতিসংঘের সদস্য হিসেবে স্বয়ংক্রিয়ভাবেই আইসিজের সদস্য।
রোহিঙ্গা মামলার রায়ের আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান আইনজীবী নাভি পিল্লাইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। নাভি পিল্লাই এ মামলায় একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওয়াল্টজের দাবি, নাভি পিল্লাই গণহত্যার আইনি মানদণ্ডকে দুর্বল করতে চেয়েছেন, যাতে ভবিষ্যতে বেসামরিক মানুষের পেছনে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় আমেরিকান ও তাদের মিত্র সেনাদের বিরুদ্ধে এটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়।
এদিকে ইউরোপে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র জার্মানি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় পক্ষভুক্ত হয়েছিল। তারা আদালতকে শুধু হত্যাকাণ্ডই নয়; শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা এবং বাস্তুচ্যুতির বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছিল। পর্যবেক্ষকেরা বলছেন, এ সবই এখন গাজার ধ্বংসযজ্ঞের সঙ্গে হুবহু মিলে যায়।
এর আগে ২০২৪ সালের মার্চে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে গণহত্যা সনদের শর্ত ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে জার্মানির বিরুদ্ধে মামলা করে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। সেই মামলার বিচারিক কার্যক্রম এখনো আদালতে চলমান রয়েছে।