× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রয়টার্সের বিশ্লেষণ

আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের স্বস্তি, তবে প্রত্যাবাসন এখনো অনিশ্চিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মিনিট আগে

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় সরাসরি ঘোষণার পর তা অনুবাদ করে শোনানোর সময় রোহিঙ্গা শিশুদের প্রতিক্রিয়া। কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে বড় পর্দায় এই রায় দেখার জন্য জড়ো হয়েছিলেন বহু রোহিঙ্গা। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় সরাসরি ঘোষণার পর তা অনুবাদ করে শোনানোর সময় রোহিঙ্গা শিশুদের প্রতিক্রিয়া। কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে বড় পর্দায় এই রায় দেখার জন্য জড়ো হয়েছিলেন বহু রোহিঙ্গা। ছবি: মোহাম্মদ পনির হোসেন/রয়টার্স

কক্সবাজারের বিস্তৃত শরণার্থীশিবিরগুলোতে এখন উদযাপনের আবহ। ২০১৭ সালে এই মুসলিম জনগোষ্ঠীর ওপর সামরিক অভিযানের সময় মিয়ানমার ‘গণহত্যা’ চালিয়েছিল—জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন ঐতিহাসিক রায়ের পর বৃহস্পতিবার হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে এই যুগান্তকারী রায়ও মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘিঞ্জি শিবিরে বসবাসকারী ১২ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফেরার পথ খুব একটা সুগম করতে পারছে না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই বৌদ্ধপ্রধান মিয়ানমারে তীব্র গৃহযুদ্ধ চলছে।

আন্তর্জাতিক সহায়তা যখন ক্রমশ কমছে, তখন বিপুলসংখ্যক রোহিঙ্গার বোঝা টানতে হিমশিম খাওয়া বাংলাদেশের জন্য এই রায় প্রত্যাবাসন প্রক্রিয়ার একটি বড় অনুঘটক হতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই সংকট নিরসনে প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান।”

রায়ের পর প্রত্যাবাসনের একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে শুক্রবার রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, “এটা কালই বা খুব দ্রুত ঘটে যাবে না। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে বহুপক্ষীয় চাপ প্রয়োগ করব।”

বিশ্লেষকদের মতে, শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার বিগত বছরগুলোর সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। আইসিজে যে সামরিক বাহিনীকে নির্বিচারে হত্যা, যৌন সহিংসতা এবং অগ্নিসংযোগের দায়ে তিরস্কার করেছে, সেই জান্তাসমর্থিত মিয়ানমার সরকার যে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাবাসন মেনে নেবে—এমন সম্ভাবনা নেই বললেই চলে।

মিয়ানমারবিষয়ক স্বাধীন বিশ্লেষক সাই কাই জিন সোয়ে বলেন, “আদালতের নির্দেশনার মধ্যে রোহিঙ্গাদের নিজভূমিতে নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি রয়েছে। তবে বর্তমান বাস্তবতায় এটি ঘটার সম্ভাবনা খুবই কম।” ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশটিতে যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে, সেদিকে ইঙ্গিত করেন তিনি।

এদিকে আইসিজের এই সিদ্ধান্তকে ‘একপেশে ও অন্যায্য’ বলে আখ্যায়িত করেছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার। শুক্রবার তারা দাবি করেছে, এই রায় সর্বসম্মত ছিল না এবং তাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

রাখাইনে নতুন সংঘাত ও আরাকান আর্মির নিয়ন্ত্রণ

২০১৭ সালে যে বর্বর সামরিক অভিযানের মুখে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, যা ছিল এই আন্তর্জাতিক মামলার কেন্দ্রবিন্দু। কিন্তু এর ছয় বছর পর, ২০২৩ সালের শেষের দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এর ফলে নতুন করে বহু মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ায় শরণার্থীর সংখ্যা আরও বেড়েছে।

বর্তমানে রাখাইনের প্রায় পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শরণার্থীরা যদি রাখাইনে ফিরে যায়, তবে তাদের মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেই ফিরতে হবে।

রোহিঙ্গাদের ওপর নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধেও। তবে আইসিজের রায়ের বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্সের প্রশ্নেরও কোনো জবাব দেয়নি গোষ্ঠীটির মুখপাত্র।

গত আগস্টে মিয়ানমার জানিয়েছিল, তারা বাংলাদেশের ক্যাম্পে থাকা ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই-বাছাই করেছে। তবে সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই কেবল প্রত্যাবাসন শুরু হবে।

২০১৭ সালের বিতাড়নের আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বসবাস ছিল। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাখাইন রাজ্যে মাত্র ৬ লাখের মতো রোহিঙ্গা অবশিষ্ট রয়েছেন, যার মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের (আইডিপি) শিবিরে বন্দিদশায় রয়েছেন।

মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা ‘অবৈধ অভিবাসী’ হিসেবে দেখে এবং বহু প্রজন্ম ধরে বসবাস করা সত্ত্বেও তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করে আসছে।

রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা ‘আরাকান প্রজেক্ট’-এর পরিচালক ক্রিস লেওয়া বলেন, “নাগরিকত্ব, অধিকার এবং বাস্তব নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব নয়।” রাখাইনের রাজধানী সিত্তেতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবিরে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “তারা কার্যত বন্দি, তাদের চলাফেরা ও ত্রাণের জন্য সেনাবাহিনীর ওপর নির্ভর করতে হচ্ছে এবং তারা যেকোনো সময় প্রতিশোধমূলক হামলার বড় ঝুঁকিতে রয়েছে।”

বাংলাদেশের দ্বিধাদ্বন্দ্ব ও সীমাবদ্ধতা

১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশ রোহিঙ্গাদের স্থানীয়ভাবে কাজের কোনো সুযোগ দেয় না। ঢাকা চায় রোহিঙ্গারা ফিরে যাক, তবে বাংলাদেশ বারবার স্পষ্ট করেছে যে কেবল পরিস্থিতি অনুকূল হলেই তাদের ফেরত পাঠানো হবে।

আইসিজের রায়টি কূটনৈতিক চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার দাবিকে জোরালো করলেও, এটি বাংলাদেশের জন্য নতুন এক কৌশলগত সংকটও তৈরি করেছে।

আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’-এর এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, “যে রাষ্ট্রকে আদালত গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে, সেই রাষ্ট্রের সঙ্গেই ঢাকাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। পাশাপাশি দিন দিন তাদের আরাকান আর্মির সঙ্গেও সমঝোতায় যেতে হবে।”

প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানান, গত সেপ্টেম্বরে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের এক বছরের সভাপতিত্বের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথ প্রচেষ্টা জোরদার করবে, যাতে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করা যায়।

তবে রোহিঙ্গাদের ভরণপোষণে তহবিলের অভাব বাংলাদেশের জন্য একটি বড় উদ্বেগের কারণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ তহবিল নিশ্চিত করা গেছে।

মালয়েশিয়ার উদ্যোগ ও রোহিঙ্গা তরুণের স্বপ্ন

এদিকে, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে টানাপোড়েন বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পথ খুঁজছে। জাতিসংঘের পরিসংখ্যান উদ্ধৃত করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশটিতে প্রায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন।

তবে শুক্রবার মালয়েশিয়া ঘোষণা করেছে, তারা একটি পরিকল্পিত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করবে, যা রোহিঙ্গা পুনর্বাসনে একটি বড় উদ্যোগ।

বাংলাদেশের ঘিঞ্জি শিবিরে বসবাসকারী মোহাম্মদ জুবায়েরের মতো তরুণদের কাছে আইসিজের এই রায় নতুন এক আশার আলো।

২৪ বছর বয়সী এই রোহিঙ্গা যুবক বলেন, “একজন রোহিঙ্গা হিসেবে এই ঐতিহাসিক মুহূর্তটি আমাকে নতুন শক্তি জুগিয়েছে। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন কেবল বিশ্বের কাছে আমাদের ওপর হওয়া অবিচারের স্বীকৃতি পাওয়া নয়; আমাদের স্বপ্ন হলো সেই দিনটি দেখা, যেদিন আমরা নিজেদের পূর্বপুরুষের মাটিতে মাথা উঁচু করে স্বাধীনভাবে হাঁটতে পারব।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা