আদালতের ইতিহাসে প্রথম কোনো রাষ্ট্র গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মিনিট আগে
নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সদর দপ্তর ‘পিস প্যালেস’। ছবি: আনাদোলু
রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমার রাষ্ট্র হিসেবে ‘গণহত্যা’ চালিয়েছে বলে ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার নজির আদালতের ইতিহাসে এটিই প্রথম।
জেনেভা থেকে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার আইসিজে ৯-৬ ভোটের ব্যবধানে মিয়ানমারকে এই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। রায়ের পর্যবেক্ষণে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, “গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।”
আদালতের রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীকে সমূলে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে হাজার হাজার বেসামরিক নাগরিক হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে। বিদ্রোহ দমনের নামে মিয়ানমার যে দাবি করেছে, তাকে নাকচ করে আদালত জানান, সহিংসতার মাত্রা সামরিক প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি ছিল।
পৃথক আদেশে আদালত বলেছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দেওয়া সাধারণ নাগরিকদের সহিংসতা রুখতে এবং অপরাধীদের শাস্তি দিতেও ব্যর্থ হয়েছে মিয়ানমার। এছাড়া ২০২০ সালে আদালতের দেওয়া আলামত সংরক্ষণের নির্দেশ অমান্য করে রোহিঙ্গাদের অন্তত পাঁচটি ধ্বংসপ্রাপ্ত গ্রামের চিহ্ন মুছে ফেলার প্রমাণ পেয়েছে আইসিজে।
রায়ে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অপরাধীদের বিচার, রোহিঙ্গাদের ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া, শারীরিক ও মানসিক পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অগ্রগতি জানাতে মিয়ানমারকে দুই বছর সময় দেওয়া হয়েছে।
২০১৭ সালে মিয়ানমারের রক্তাক্ত সামরিক অভিযানের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর, ২০১৯ সালে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছিল। দীর্ঘ শুনানি শেষে আজ ঐতিহাসিক এই রায় ঘোষণা করা হলো।