আইসিজের ঐতিহাসিক রায়
সম্পাদকীয়
প্রকাশ : ১৯ মিনিট আগে
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত বর্বরতা ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশায় এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হলো। জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে ‘রাষ্ট্র’ হিসেবে দায়ী করেছে। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে ঘোষিত এই রায় শুধু রোহিঙ্গাদের দীর্ঘদিনের বঞ্চনা ও নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বরং গণহত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিশ্ববিবেকেরও এক গুরুত্বপূর্ণ বিজয়। বলা বাহুল্য, আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী করা হলো। বাংলাদেশের জন্য এ রায় বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এর কার্যকর বাস্তবায়ন প্রত্যাশা করি।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর নৃশংস অভিযান থেকে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তৎকালীন সরকার মানবিক বিবেচনায় এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিতে বাধ্য হয়। সেসময় তাদের ওপর নির্মম হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতন ও বাস্তুচ্যুতির সেই ভয়াবহ অভিজ্ঞতা আন্তর্জাতিক মহলকে নাড়া দিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অপরাধীদের জবাবদিহি নিশ্চিত হয়নি। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনের পরিবেশও তৈরি হয়নি। জাতিসংঘ বিভিন্ন সময় নানা সময়ে পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নানা উদ্যোগও ব্যর্থ হয়েছে। এবার গাম্বিয়ার উদ্যোগে ২০১৯ সালে শুরু হওয়া আইনি লড়াইয়ের পর আইসিজের এই রায় তাই নিপীড়িত মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে নতুন ভিত্তি দিয়েছে। আদালত মিয়ানমারের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টিও স্পষ্ট করেছেন।
গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ ‘আইসিজের ঐতিহাসিক রায় : রোহিঙ্গা গণহত্যার প্রমাণ মিলেছে’ শীর্ষক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। ১৫ বিচারকের বেঞ্চে নয়জনের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে রায়ে বলা হয়, মিয়ানমার রাষ্ট্রগতভাবে আন্তর্জাতিক গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। জনাকীর্ণ এজলাসে দুই ঘণ্টার বেশি সময় ধরে রায়টি পাঠ করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি। রায়ে উল্লেখ করা হয়, মিয়ানমার সেনাবাহিনী শুধু সামরিক বা সন্ত্রাসবিরোধী অভিযান চালায়নি, তাদের প্রধান উদ্দেশ্যই ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে পুরোপুরি ধ্বংস করা। আদালত আরও উল্লেখ করে, গাম্বিয়ার আনা প্রমাণাদি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিচার-বিশ্লেষণ করে বিচারকরা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত হয়েছেন, রাখাইনে গণহত্যা, দলবদ্ধ ধর্ষণ, গ্রাম পুড়িয়ে দেওয়া এবং বাড়িঘর ধ্বংসের ঘটনাগুলো ১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা সনদের ধারা অনুযায়ী স্পষ্ট গণহত্যা। মিয়ানমারের পক্ষ থেকে এটিকে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে চালানোর যে দাবি তোলা হয়েছিল, আদালতের বিচারকরা তা সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, কেড়ে নেওয়া জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং স্বদেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের স্পষ্ট নির্দেশ দিয়েছেন আদালত।
প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ শুরু থেকেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই মানবিক দায়িত্ব অনির্দিষ্টকাল বহন করা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে। ক্যাম্পে মানবেতর জীবন, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, শিক্ষার অপর্যাপ্ত সুযোগ এবং অপরাধপ্রবণতার ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বাংলাদেশের জন্য জরুরি জাতীয় স্বার্থের বিষয়।
আমরা মনে করি, প্রত্যাবাসনের তাগিদ দিতে গিয়ে কোনোভাবেই রোহিঙ্গাদের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া যাবে না। অতীতে একাধিক প্রত্যাবাসন উদ্যোগ ব্যর্থ হয়েছে মূলত মিয়ানমারের সদিচ্ছা, নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার ঘাটতির কারণে। এবার আইসিজের রায়কে ভিত্তি করে প্রত্যাবাসনের জন্য কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, বসতভিটা ও সম্পত্তির অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবিকার নিশ্চয়তা দিতে হবে। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে। রাখাইনে বর্তমানে সামরিক ও রাজনৈতিক অস্থিরতা এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণ সংক্রান্ত বাস্তবতাও আলোচনায় গুরুত্ব পেতে হবে।
তবে আইসিজের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক হলেও এর বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। জাতিসংঘ, আসিয়ান, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন ও ভারতকে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ বাড়াতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়েও অগ্রগতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি বহুপক্ষীয় কূটনীতি আরও জোরদার করতে হবে।
ঐতিহাসিক রায়কে শুধু উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটিকে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা এবং দীর্ঘস্থায়ী সংকটের অবসানের কার্যকর হাতিয়ারে পরিণত করতে হবে। বাংলাদেশের প্রত্যাশা স্পষ্টÑ রোহিঙ্গারা আর শরণার্থী হিসেবে নয়, নিজস্ব অধিকার ও মর্যাদা নিয়ে নিজেদের মাতৃভূমি রাখাইনে ফিরে যাবে। আমরা বলতে চাই, আন্তর্জাতিক ন্যায়বিচারের এই অর্জন তখনই পূর্ণতা পাবে, যখন গণহত্যার শিকার মানুষগুলো নিরাপদে নিজ দেশে ফেরার নিশ্চয়তা পাবে।