ওপেনএআই। ছবি: বিবিসি
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) লাগামহীন অগ্রগতি নিয়ে ‘চরম সতর্কতার’ আহ্বান জানিয়েছেন চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতের নিয়ন্ত্রণ মানুষের হাতে রাখতে এই প্রযুক্তিতে আরও হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে।
‘অ্যান এলিয়েন মাইন্ড’ শীর্ষক এক ব্লগ পোস্টে পাচকি লিখেছেন, “আমি উদ্বিগ্ন যে যন্ত্রের বুদ্ধিমত্তার ক্রমাগত দ্রুত বৃদ্ধির যে ফলাফল, তা মোকাবিলার জন্য কেউ প্রস্তুত নয়।”
ওপেনএআই তাদের এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মডেল ‘জিপিটি-সিক্স অ্যাস্ট্রা’ প্রকাশের মাত্র কয়েক দিন পরেই এই সতর্কবার্তা দিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী।
ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদনে দেখা গেছে, তাদের ‘এআই এজেন্ট’গুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এবং এগুলো বিভিন্ন কোম্পানির ওপর সাইবার হামলা চালাচ্ছে। গত জুলাই মাসে ওপেনএআইয়ের এআই এজেন্ট কর্তৃক প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘হাগিং ফেস’ হ্যাক করার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করা হয়েছিল। এ ছাড়া গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে দাবি করা হয়, এর কয়েক মাস আগে প্রতিষ্ঠানটির এআই এজেন্ট একটি জার্মান ওয়েবসাইটও হাইজ্যাক করেছিল।
পাচকি তার ব্লগ পোস্টে লিখেছেন, “আমরা এমন একটি বিশ্বের দিকে ধাবিত হচ্ছি যেখানে অবিশ্বাস্য বুদ্ধিমান মেশিন থাকবে। আমাদের নিশ্চিত করতে হবে যে এই উত্তরণ যেন মানবতার জন্য কল্যাণকর হয়।”
তিনি জানান, ওপেনএআই ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গড়ে তোলা অব্যাহত রাখবে এবং ‘অ্যালাইনমেন্ট’ (মেশিনের কাজ ও লক্ষ্য মানুষের উদ্দেশ্যের সঙ্গে মেলানো) নিশ্চিত করতে প্রযুক্তিগত সমাধান খুঁজবে। এআইয়ের অগ্রগতির সঙ্গে তাল মেলাতে এবং এই প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি ‘স্বয়ংক্রিয় এআই গবেষক’ তৈরি করা এখন তাদের অন্যতম অগ্রাধিকার।
তবে ওপেনএআইয়ের এমন সমাধানের সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘মাইন্ডারু সেন্টার ফর টেকনোলজি অ্যান্ড ডেমোক্রেসি’র প্রধান প্রফেসর জিনা নেফ বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে ওপেনএআই এসব সমস্যা গবেষণার জন্য নিজস্ব এআই এজেন্ট তৈরির প্রস্তাব দিচ্ছে। সাইবার নিরাপত্তা, কর্মসংস্থান হারানো এবং জালিয়াতির মতো ক্রমবর্ধমান উদ্বেগের বিপরীতে এই জবাব মোটেও যথেষ্ট নয়।
অ্যাডভোকেসি গ্রুপ ‘এনকোড এআই’-এর জেনারেল কাউন্সিল নাথান ক্যালভিন সতর্কবার্তাটির সঙ্গে একমত পোষণ করলেও ওপেনএআইয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, স্বচ্ছতা না থাকলে এই ধরনের সতর্কবার্তাকে কেবল ‘প্রচারণা’ হিসেবে দেখা হতে পারে।
বৈশ্বিক আইনগুলো এআই-এর অগ্রগতির গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের ‘এআই আইন’ কার্যকর হলেও এর ভৌগোলিক সীমাবদ্ধতা রয়েছে। পাচকি আইনি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যূনতম নিরাপত্তা মানদণ্ড নির্ধারণের আহ্বান জানান, যা তৃতীয় কোনো অডিটর বা সরকারি সংস্থার মাধ্যমে যাচাই করা হবে।
নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এআই উন্নয়নের গতি ‘স্বেচ্ছায় কমিয়ে দেওয়ার’ ওপরও জোর দেন। তার মতে, এআই ল্যাবগুলোকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেই কেবল উন্নত মডেলগুলো ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।