প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৩:৫৬ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৪:০১ পিএম
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের অন্যতম ফেভারিট আয়োজক ভারত। দলটি নিয়ে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। সে লক্ষ্যেই নিজেদের প্রস্তুত করছে রোহিত শর্মার দল। যার চূড়ান্ত প্রস্তুতি হতে যাচ্ছে এশিয়া কাপ। যেখানে ভারত তাদের বিশ্বকাপের প্রস্তুতি সারবে বলেই মনে করেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি।
সাউদি বলেন, ‘বিশ্বকাপের আগে একসঙ্গে যতটা খেলা যায় ততই ভালো। বিশ্বকাপের আগে দলকে একত্রিত করার জন্য এশিয়া কাপের চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে। আমার মতে, এশিয়া কাপ ভারতীয় দলের প্রস্তুতির একটি বড় অংশ হতে চলেছে।’
আরও পড়ুন:
বিশ্বকাপে ট্রেন্ট বোল্ট কিংবা শাহিন আফ্রিদির মতো বাঁহাতি বোলাররা ভারতীয়দের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে কি না এমন প্রশ্নে সাউদি বলেন, ‘দলে একজন বাঁহাতি বোলার থাকা সব সময়ই সুবিধাজনক। এটি এমন কিছু যা সম্ভবত ব্যাটাররা খুব বেশি মুখোমুখি হয় না। শাহিন ও বোল্ট মানসম্পন্ন বোলার। তাদের নিয়ে বছরের পর বছর ধরে অনেক খেলোয়াড়ের মাথাব্যথা রয়েছে। তবে এটাকে বড় করে দেখছি না। ভারতীয় খেলোয়াড়রা বিশ্বমানের। তাদের নিশ্চয় এই বোলারদের মোকাবিলা করার পরিকল্পনা থাকবে।’