প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১২:২৩ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১২:৪১ পিএম
বাংলাদেশ সময় ভোররাতে খবর আসে, ক্যান্সারের বিপক্ষে লড়াইয়ে জিততে পারেননি হিথ স্ট্রিক। জিম্বাবুয়ে কিংবদন্তির সতীর্থ হেনরি ওলোঙ্গার সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে জিমলাইভ, গার্ডিয়ান, দ্য নিউজহকসহ বেশকিছু সংবাদমাধ্যম সহ স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করে। তবে সেই ওলোঙ্গাই কয়েক ঘণ্টা পর জানিয়েছেন, মারা যাননি স্ট্রিক, আছেন বহাল তবিয়তে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওলোঙ্গা স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়ে লিখেছিলেন, ‘দুঃখের খবর। জানতে পারলাম হিথ স্ট্রিক পরলোকে গমন করেছেন।’ কিন্তু কয়েকঘণ্টা পর পুরনো টুইটটি মুছে দিয়েছেন তিনি। স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাবার্তার একটি স্ক্রিনশট শেয়ারও করেছেন। ভুয়ো খবর ছড়ানোর জন্য ক্ষমাও চেয়েছেন ওলোঙ্গা।

আরও পড়ুন:
স্ট্রিকের বেঁচে থাকার খবর জানিয়ে ওলোঙ্গা লিখেছেন, ‘নিশ্চিত করে জানাতে চাই, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি গুজব ছাড়া আর কিছু নয়। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। তিনি এখনও বেঁচে আছেন।’
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন স্ট্রিক। দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন পাঞ্চা। দিনকয়েক আগে খবর হয়েছিলেন, অলৌকিক ঘটনা ছাড়া বাঁচতে পারবেন না জিম্বাবুয়ের সোনালি দিনের সেনানী। কিংবদন্তির মৃত্যুর খবরটি তাই দ্রুতই ছড়িয়ে পড়েছিল। তার মৃত্যুতে শোকও জানিয়েছিলেন অনেকে।