প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৭:০১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৭:০২ পিএম
অবশেষে ফিরলেন জশপ্রীত বুমরা, তবে বোলার হিসেবেই নন ভারতের অধিনায়কত্বের দায়িত্বও পড়েছে তার কাঁধে। চোট কাটিয়ে দীর্ঘ ১০ মাস পরের ফেরাটাও তার অন্যরকম এক অনুভূতি নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বুমরার অধিনায়কত্বে খেলবে ভারত।
গতকাল বুমরাহকে দায়িত্ব দিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন ভারতের পেসার। এরপর পিঠের পুরোনো চোটে খেলতে পারেননি বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ।
আরও পড়ুন:
অস্ত্রোপচার করানোর পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে দুই মাস প্রস্তুতি নিয়েছেন বুমরাহ। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচে নিজেকে জাতীয় দলের জন্য ফিট করেছেন। তার সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবেরা আবারও ডাক পেয়েছেন ভারতীয় দলে। ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছে রিংকু সিং ও জিতেশ শর্মাদের মত তরুণরাও।
এশিয়া কাপের আগে দলের সিনিয়র ও মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখা হয়েছে। এশিয়ান গেমসে যাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বেশিরভাগই রয়েছেন আয়ারল্যান্ড সফরের দলে। আগামী ১৮ অগাস্ট শুরু হয়ে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে ভারত ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলি হবে ১৮, ২০ এবং ২৩ আগস্ট।
ভারতের স্কোয়াড:
জশপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণুই, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আভেশ খান।