প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৮:৪৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩ ১৮:৫৩ পিএম
এজবাস্টনে সকাল থেকেই থেমে থেমে ঝরছিল বৃষ্টি, কাজ বাড়িয়ে দিচ্ছিল মাঠকর্মীদের ছবি: টুইটার
বার্নিংহামের এজবাস্টনে সকাল থেকেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। মাঝে দুবার মাঠ শুকানোর কাজও করা হচ্ছিল। কিন্তু পরক্ষণেই বেরসিক আবহাওয়ার বাগড়া। বৃষ্টি হচ্ছে, মাঠ শুকাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে—এমন করেই কাটছিল অ্যাশেজের প্রথম টেস্টের পঞ্চম দিন। ইতিমধ্যে পণ্ড হয়েছে প্রায় দুই সেশনের খেলা। তবে সবশেষ আশা জাগানিয়া খবর, ইংল্যান্ডের স্থানীয় সময় ২.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার লড়াইয়ের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ দুটি সেশনও মাটি করে দিয়েছিল বৃষ্টি, চতুর্থ দিনে ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্বে ক্ষণে ক্ষণে তোপ দেগেছেন প্যাট কামিন্স-নাথান লায়ন। ৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বেন স্টোকসের দলও পড়েছিল বিপদে। ভেজা মাঠে ২৭৩ রান তুলে অস্ট্রেলিয়াকে লক্ষ্য ছুড়েছে ২৮১ রানের। দিন শেষের আগে অনেকখানি পথ হেঁটেও ফেলেছে অস্ট্রেলিয়া। পঞ্চম দিনের রোমাঞ্চে অবশ্য বাগড়া দিয়েছে বৃষ্টি।
দিনের দুই সেশন শেষ হতে চললেও এখনও মাঠে গড়ায়নি বল। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আকাশে মেঘ নেই। রোদও উঠছে। কিন্তু শেষদিকে আলোকসল্পতায় পড়তে পারে খেলা। ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া জমা করেছে ১০৭ রান। জয়ের থেকে তারা ১৭৪ রান পিছিয়ে। বৃষ্টিবিঘ্নিত দিনে তাদের ভরসার নাম হয়ে আছেন খাজা। লক্ষ্যে নেমে চতুর্থ দিনে দারুণ শুরু পায় অজি দল। স্কোরবোর্ডে ৬০ রান আসতে ৩৬ রান করে ফেরেন ওয়ার্নার। ৩-এ নামা লাবুশেন প্রথম ইনিংসের মতো এদিনও বড় করতে পারেননি ইনিংস। ব্যর্থ হয়েছেন স্মিথও। ওপেনার উসমান খাজা ৩৪ রানে ব্যাট করছেন। তাকে ১৩ রান করে সঙ্গ দিচ্ছেন স্কট বোলান্ড।
আরও পড়ুন:
অ্যাশেজের প্রথম টেস্টে ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। এবার একই চিন্তা স্মিথের দলেরও। বৃষ্টির পর ভেজা মাঠে বল দুই দিকেই সুইং করে। ফলে সমস্যায় পড়তে পারে ব্যাটাররা। আগের দিন এমন অবস্থার পুরো ফায়দা লুটেছিলেন অজি স্পিনার নাথান লায়ন ও পেসার কামিন্স। ইংলিশদের ধসিয়ে দিতে দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলে থেমেছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিনে অজি বোলারদের তোপে জো রুট ও হ্যারি ব্রুক করেছেন ৪৬ রান। ৪৩ রান এসেছে অধিনায়ক স্টোকসের ব্যাট থেকে। বাকি সবাই ইনিংস বড় করতে ধুঁকেছেন। শেষ দিকে অলি রবিনসনের ২৭ রানে আড়াইশ পেরোয় স্বাগতিকরা।
এজবাস্টনে প্রথম দিনে স্টোকসের দল ৮ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। জো রুট অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জনি বেয়ারস্টো ৭৮ ও জ্যাক ক্রলি করেন ৬১ রান। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়। উসমান খাজা ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন। ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারির ফিফটিতে ইংলিশদের থেকে ৭ রান পেছনে থামে অস্ট্রেলিয়া।