প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৩ ১২:৪৯ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩ ১৩:৪৯ পিএম
ফিফা নিষেধাজ্ঞার কারণে ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি পাকিস্তান। এবারের সাফটি হতে চলেছে ভারতের মাটিতে। সেখানে অংশ নিতে গিয়েও ভিসা জটিলতায় পড়ে পাকিস্তান। ফলে টুর্নামেন্টে অংশ নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে শেষ মুহূর্তে এসে সেই শঙ্কা দূর হয়েছে দেশটির।
সোমবার টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে ভিসা পেয়েছেন দেশটির ফুটবলাররা। ২১ জুন বুধবার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ সামনে রেখে আজ ভারতের মাটিতে পা রাখার কথা দেশটির ফুটবলারদের। বিষয়টি পাকিস্তান ফুটবল ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আট জাতির এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাকিস্তানকে ভিসা দিয়েছে মরিশাসের ভারতীয় হাইকমিশন। ফলে সামনের সম্ভাব্য ফ্লাইটের মাধ্যমে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে পাকিস্তান দল।
আরও পড়ুন :
মূলত গত বৃহস্পতিবার ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সফরের ছাড়পত্রের জন্য আবেদন করে পাকিস্তান। ছাড়পত্র মেলায় রবিবার ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে ভিসা জটিলতায় শেষ পর্যন্ত রওনা হতে পারেনি। পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণের আশ্বাসে সোমবার ভিসা দেয় ভারত।
উল্লেখ্য, আট দলের সাফ চ্যাম্পিয়নশিপ হবে বেঙ্গালুরু। ২১ জুন শুরু হয়ে যা শেষ হবে ৪ জুলাই। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে। যেখানে ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, কুয়েত ও নেপাল। অন্যদিকে গ্রুপ ‘বি’তে বাংলাদেশ ছাড়াও আছে ভুটান, লেবানন ও মালদ্বীপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ জুন, প্রতিপক্ষ লেবানন।