প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ১২:৪৯ পিএম
হ্যারি টেক্টরের মাঝে গ্রেট হওয়ার সবকিছু দেখছেন অ্যান্ড্রু বালবির্নি। আয়ারল্যান্ড অধিনায়কের কথার প্রমাণ দিতে খুব বেশি সময় নেননি টেক্টর। আইরিশ ক্রিকেটের গ্রেট বনা না হলেও দেশটির ক্রিকেটের হয়ে ইতিহাস গড়ে ফেলেছেন ২৩ বর্ষী ব্যাটার। প্রথম কোনো আইরিশ ক্রিকেটার হিসেবে ঢুকে পড়েছেন আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।
বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আইসিসি। বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত সিরিজ কাটানো টেক্টর সেখানেই দিয়েছেন বড় লাফ, গড়েছেন ইতিহাস। চেমসফোর্ডে তামিম ইকবালদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিয়ার সেরা ১৪০ রান করেন টেক্টর। সিরিজে ব্যাট হাতে জমা করেন ২০৬ রান। তাতেই ৭২ রেটিং অর্জন করেছেন তিনি, ৭২২ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ব্যাটিংয়ে শীর্ষ সাত নম্বরে।
আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে টেক্টরের অবস্থান এখন পর্যন্ত সেরা। ওয়ানডে ক্রিকেটে আইরিশ ব্যাটারদের মাঝেও সর্বকালের সর্বোচ্চ রেটিং এটি। এর আগে আইরিশ খেলোয়াড়ের সর্বোচ্চ রেটিং ছিল পল স্টার্লিংয়ের। ২০২১ সালে ৬৯৭ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
ইতিহাস গড়া টেক্টর ছাড়িয়ে গেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকেও। টেক্টরের পেছনে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও (১০ম)। ৭১৯ পয়েন্ট নিয়ে কোহলি এখন শীর্ষ আটে। ৮৮৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।