প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ০৯:৪৭ এএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১০:৩৯ এএম
ওসাসুনার বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল বার্সেলোনা। লিগের আরেক ম্যাচে শীর্ষের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়াল সোসিয়েদের বিপক্ষে গতকাল রাতে হেরে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তাতেই শিরোপা পুনরোদ্ধারের পথে আরেক পা বাড়িয়ে রেখেছে বার্সা।
প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটিতে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা। তাদের ছাড়া খেলতে নামা বর্তমান চ্যাম্পিয়নদের ২-০ গোলে হারিয়ে দিয়েছে সোসিয়েদ। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে স্বাগতিকদের এগিয়ে দেন তাকেফুসা কুবো এবং শেষ দিকে ব্যবধান বাড়ান আন্দ্রে বারেনেটিয়া।
বল দখল, গোলে শট কিংবা আক্রমণ—প্রতিপক্ষের মাঠে সব বিভাগে ধুঁকেছে রিয়াল। ৪৭ শতাংশ বল নিজেদের পায়ে রেখে সাতটি শটের ৫টি রাখতে পারে লক্ষ্যে। বিপরীতে সমান সাত শটের চারটি গোলমুখে রাখে সোসিয়েদ। গোল আসে দুটিতে।
আক্রমণে শক্তি হারানো রিয়াল প্রথমার্ধে বেশ কিছু চেষ্টা চালালেও গোল করতে ব্যর্থ হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জালে বল পাঠান জাপানের উইঙ্গার তাকেফুসা কুবো। ৫৪ মিনিটে প্রথম এবং ৬১ মিনিটে ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কারভাহাল। প্রতিপক্ষের একজন কম থাকার সেই সুযোগ ৮১ মিনিটে নেন বারেনেটিয়া।
আরও পড়ুন:
রিয়ালকে হারিয়ে টেবিলের ৪ নম্বর পোক্ত করেছে সোসিয়েদ। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ আছে টেবিলের দ্বিতীয় স্থান হারানোর শঙ্কায়। তাদের থেকে এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের বর্তমানে পয়েন্ট ৬৬। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এই মুহূর্তে দ্বিতীয় স্থানের দলের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে জাভি হার্নান্দেজের দল।