প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৪:০৪ পিএম
ডিপিএলে শেষ লিগ পর্বের লড়াই। আগামী ১ মে থেকে শীর্ষ ছয় দলের লক্ষ্য শিরোপা জয়। টেবিলের তলানিতে থাকা তিন দলের চাওয়া অবনমন এড়ানো। নয় ক্লাবের ভিন্ন দুই লড়াইয়ে সবার নজর ওপরের দিকে, কারা শিরোপা ঘরে তুলবে সেই দিকে। ১ মে থেকে শুরু হতে যাওয়া সুপার লিগ ও রেলিগেশন লিগে থাকছে রিজার্ভ ডে। বৈরী আবহাওয়ায় খেলা নির্ধারিত দিনে শেষ করতে না পারলে চিন্তা নেই। পরের দিন হবে খেলা। সেখানে আসবে ম্যাচের ফল। রিজার্ভ ডে ও বিরতি মিলিয়ে ছয় দলের শিরোপার লড়াই শেষ হওয়ার কথা আগামী ১৪ মে। সবকিছু ঠিক থাকলে শিরোপাজয়ী দল উৎসব করবে আগামী ১৩ মে। লিগ পর্বের পয়েন্টের সঙ্গে যুক্ত হবে সুপার লিগের পয়েন্ট। দুই পর্বের পয়েন্ট মিলিয়ে শীর্ষে থাকা দল ঘরে তুলবে শিরোপা।
শেখ জামালের কাছে হার ছাড়া প্রতি ম্যাচে অপ্রতিরোধ্য ছিল আবাহনী। জাতীয় দলের আদলে গড়া দলটি এবার শিরোপা ঘরে তুলতে মরিয়া। পুরো টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচে ছিল ব্যাটিং দাপট। যার প্রমাণ লিডার বোর্ড। টুর্নামেন্টের দুই সর্বোচ্চ রান সংগ্রাহকই আবাহনীর। দুজনই আবার ওপেনার। ফলে টুর্নামেন্টজুড়ে আবাহনীর মিডল অর্ডারকে দিতে হয়নি বড় কোনো পরীক্ষা। বল হাতে তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন। তাতেই ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দলটি। সমান ২০ পয়েন্ট অবশ্য দুইয়ে থাকা শেখ জামালের। রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আবাহনী।
আবাহনীর মতো অপ্রতিরোধ্য যাত্রায় শিরোপা জয়ের পথে আছে শেখ জামাল। লিগ পর্বে তাদের হার মাত্র এক ম্যাচে। মোহামেডানের কাছে হোঁচট খেয়েছিল নুরুল হাসান সোহানের দল। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল পুরো টুর্নামেন্টে এগিয়েছে দলগত ছন্দে। দলটির অগ্রযাত্রায় ভারতীয় স্পিনার পারভেজ রসুলের অবদান পাবে আলাদা স্বীকৃতি। ডিপিএলের লিগ পর্ব পর্যন্ত ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্যাট হাতে ফজলে মাহমুদ রাব্বি ও সাইফ হাসানের ছন্দ শেখ জামালকে এগিয়ে নিয়েছে। রানরেটের সূক্ষ্ম হিসেবে পেছানোয় টেবিলের দুইয়ে তারা।
আরও পড়ুন:
আবাহনী-শেখ জামালকে শিরোপা দৌড়ে টেক্কা দেওয়া বাকিদের সামনে একরকম অসম্ভবই বটে। তিনে থাকা মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের সামনে আছে ক্ষুদ্র সম্ভাবনা। ১৬ পয়েন্টে টেবিলের তিন নম্বর দল তারা। ব্যাট-বলে দলটির সেরা ক্রিকেটার নিশ্চিতভাবে চিরাগ জানি। তার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে সুপার লিগে উঠেছে দলটি। রূপগঞ্জের মতো দলগত নৈপুণ্যে প্রাইম ব্যাংক নাম লেখায় সুপার লিগে। দলগত নৈপুণ্যে ব্যাটিংয়ে অবদান মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, মুশফিকুর রহিমদের। আর বোলিংয়ে দলের জয়ে অবদান রাখেন রুবেল হোসেন, রেজাউর রহমান রাজারা। দলটি সুপার লিগ নিশ্চিত করেছে ১৪ পয়েন্টে। টেবিলের শীর্ষে থাকা আবাহনীর চেয়ে পিছিয়ে ৬ পয়েন্টে।
লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ শীর্ষ দুই দলের চেয়ে পিছিয়ে আছে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ পয়েন্টে। অন্যদিকে শীর্ষে থাকা আবাহনী ও শেখ জামালের মধ্যে পয়েন্ট সমান
পাঁচ নম্বরে থেকে সুপার লিগে ওঠা মোহামেডানের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। শুরুর পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ১ পয়েন্ট। ষষ্ঠ ম্যাচে সাকিব আল হাসানের ছোঁয়ায় বদলে যায় মোহামেডান। তার প্রত্যাবর্তনে দলটি প্রথম জয় পায়। পরের টানা পাঁচ জয়ে সুপার লিগে ওঠে। লিগ পর্ব শেষে তাদের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট। সুপার লিগে শিরোপার লড়াই শুরু হবে শীর্ষে থাকা আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট পেছনে থেকে। মোহামেডানের মতো শুরুটা খারাপ হয়নি গাজী গ্রুপের। মাঝে খেই হারিয়ে সুপার সিক্সে ওঠার লড়াইটা কঠিন করে তোলে আকবর আলীর দল। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে লড়াই তৈরি হয়। শেষ ম্যাচে ব্রাদার্সের হারে সুপার লিগ নিশ্চিত করে গাজী গ্রুপ। ১১ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছে দলটি।
দুই পর্বের পয়েন্ট যোগ হওয়ায় টেবিলের শীর্ষে দুইয়ে থাকা আবাহনী ও শেখ জামাল শিরোপা দৌড়ে এগিয়ে থাকবে। পরের চার দলের জন্য শিরোপা জয় অনেকাংশেই দূরাশা। লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, মোহামেডান ও গাজী গ্রুপ শীর্ষ দুই দলের চেয়ে পিছিয়ে আছে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ পয়েন্টে। অন্যদিকে শীর্ষে থাকা আবাহনী ও শেখ জামালের মধ্যে পয়েন্ট সমান। দুই দলের পার্থক্য রানরেটের সূক্ষ্ম ব্যবধান। পা হড়কালেই শিরোপা লড়াই থেকে ছিটকে যাবে, এমন সমীকরণে মাঠে নামবে শেখ জামাল ও আবাহনী।