প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১৩:১৩ পিএম
রবিবার আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ বল হাতে রেখে ৩ উইকেটে জয় তুলেছে রাজস্থান রয়্যাল। এ জয়ে পাঁচ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান সঞ্জু স্যামসনের দলের। ম্যাচে ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন শিমরন হেটমায়ার। ম্যাচ শেষে জানিয়েছেন, গুজরাটের বিপক্ষে আগের তিন হারের প্রতিশোধ ছিল এটি।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের ৪৫, ডেভিড মিলারের ৪৬ ও অভিনাভ মানোহারের ১৩ বলে ২৭ রানে ভর করে ৭ উইকেট খরচায় রাজস্থানকে ১৭৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় গুজরাট।
আরও পড়ুন :
জবাব দিতে নেমে অধিনায়ক স্যামসনের ৬০ রানের পর শেষ দিকে বিধ্বংসী ২৬ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হেটমায়ার। দারুণ জয়ের পর হেটমায়ার বলেন, ‘সত্যি বলতে, ফাইনাল ওভারে একজন স্পিনারের মুখোমুখি হতে পেরে আমি বেশ খুশি হয়েছিলাম। যদিও আমি মনে করি আজ সে বেশ ভালো বোলিং করেছে। তাই আমি শুধু ভাবছিলাম, যদি আমি প্রথম বলে ডাবল করতে পারি এবং তার পরে দেখি কী হয়।’
গুজরাটকে হারানো প্রসঙ্গে হেটমায়ার বলেন, ‘সত্যিই তাদের বিপক্ষে জিততে চেয়েছিলাম কারণ তারা গত বছর আমাদের তিনবার (লিগ পর্বে, বাছাই পর্বে এবং ফাইনালে) পরাজিত করেছিল। সুতরাং এটি সত্যিই এক ধরনের প্রতিশোধ ছিল। আমরা জানতাম এ মাঠে, এ উইকেটে শেষ পর্যন্ত আমাদের শক্তি থাকলে তাড়া করা সত্যিই সহজ হবে।’