প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৯:২৩ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ২০:০৬ পিএম
শেষ বলে দরকার দুই রান। ওই শেষ বলের জন্য দুবার দৌড়ালেন লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার চিরাগ জানি। প্রথমবার বোলিং প্রান্তে থাকা উমর আমিনকে ‘ম্যানকাড’ করার চেষ্টা ছিল। সেটা হয়নি। কিন্তু খেলার গতিটা ঠিকই কমিয়ে দিয়েছেন। ঢাকা লিওপার্ডস আর নার্ভ ধরে রাখতে পারেনি। শেষ বলে পারভেজ হোসেন ইমনের সরাসরি থ্রোতে আউট হয়ে যান সোহরাওয়ার্দী শুভ। তাতে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।
মিরপুরে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের শুরুটা ভালো ছিল না। ৩৭ রানে ওপেনার মুনিম শাহরিয়ার ফেরত যান প্যাভিলিয়নে। দুই ইনফর্ম ব্যাটার পারভেজ ইমন ও সাব্বির রহমানের ব্যাটিংয়ে ওই ক্ষতি পুষিয়ে ওঠে তারা। পারভেজ ৫২ ও সাব্বিরের ব্যাটে আসে ৫৪ রান। দুই ব্যাটারের বিদায়ের পর অন্যরা যোগ দেন যাওয়া-আসার মিছিলে। এক প্রান্ত আগলে রাখেন বোলিংয়ে নায়ক হওয়া চিরাগ। ৫০ বলে ৫৯ রানের ইনিংসে রূপগঞ্জকে ২৬৮ রানের সংগ্রহ এনে দেন।
আরও পড়ুন:
জবাবে লিওপার্ডসের দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ জসিম দ্রুত ফিরলেও বিপদে পড়েনি। পাকিস্তানি ক্রিকেটার উমর আমিন এক প্রান্ত আগলে রেখে তুলে নেন সেঞ্চুরি। তাকে যোগ্য সঙ্গ দেন সাব্বির হোসেন। গরমের কারণে পায়ে ক্রাম্প করায় সেঞ্চুরির পর মাঠ ছাড়েন উমর। সেই সময় দলকে জয়ের আশা দেখান সোহরাওয়ার্দী শুভ ও মঈন খান। ব্যক্তিগত ১৯ রানে মঈন ফিরলে ওই আশা কিছুটা নিভু নিভু হয়ে আসে।
ইনজুরি নিয়ে মাঠে নেমে ঢাকা লিওপার্ডসকে আবারও জয়ের আশা দেখান উমর আমিন। শেষ বলের লড়াইয়ে শুভ রান আউট হলে জয়ের কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয় দলটিকে। শেষ ওভারে দারুণ বোলিংয়ের পাশাপাশি ৫৬ রানে দুই উইকেট নেন চিরাগ। এর আগে ব্যাট হাতে ৫৯ রান করেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন ভারতীয় এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ- ২৬৮/৮ ( চিরাগ ৫৯*, সাব্বির ৫৪, মঈন ৩/৩৪)
ঢাকা লিওপার্ডস- ২৬৭/৬ (উমর ১২৮, সাব্বির ৬৪, চিরাগ ২/৫৬)
ফল- লিজেন্ডস অব রূপগঞ্জ ১ রানে জয়ী