প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১১:৪৮ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১১:৫১ এএম
ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৪-০ গোলে হারের ক্ষত এখনও শুকায়নি। লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচটি ছিল সেই ক্ষতে মলম ঘসার। হয়নি সেটিও। উল্টো টেবিলের ১১ নম্বরে থাকা জিরোনার বিপক্ষে নিজেদের মাঠে গোল শূন্য ড্র’য়ে পয়েন্ট ভাগ করেছে শীর্ষে থাকা বার্সা। যা হারের চেয়ে বেশি কষ্টের বার্সা সমর্থকদের জন্য।
এদিন একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বার্সা। মূলত, জিরোনার আর্জেন্টাইন গোলরক্ষক পাওলো গাজ্জানিগার বীরত্বে পয়েন্ট হারাতে হয়েছে কাতালানদের। এতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি বার্সার। ৪ বছর পর লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথেই আছে তারা। ২৮ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সা। পরের স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে জাভির দল এখনও ১৩ পয়েন্ট এগিয়ে। ম্যাচে জয় না পেলেও তাই ফুটবলারদের প্রতি অভিযোগ নেই জাভির।
আরও পড়ুন:
ম্যাচ শেষে বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং যথেষ্ট ভালো খেলেছি। অনেক সুযোগ তৈরি করেছি। আমি মনে করি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। তবে যদি আমরা শুধু এই ম্যাচ নিয়ে ভাবি, তাহলে ২ পয়েন্ট হারানো একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা হাইপ্রেসিংয়ে দুর্দান্ত ছিলাম। শুধু ফিনিশিংয়ে ঘাটতি ছিল। আমাদের আত্মসমালোচনা করতে হবে, বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে।’
এ ড্রয়ে বার্সার শিরোপা সংকটে পড়ল কি না—এমন প্রশ্নের জবাবে জাভি বলেন, ‘লিগে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৩, আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকেও এ ধরনের কথাবার্তা আজগুবি মনে হয়। সংকট শব্দটা আমার কাছে ইতিবাচক মনে হয় না। ম্যাচের আগে টিভিতে একটা অনুষ্ঠান দেখছিলাম। সেখানে বলা হয়েছে, এটা সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ। এটা শোনার পর রেগে গিয়েছি। কারণ, মেসি-পরবর্তী যুগে ক্লাবের সবাইকে কঠোর পরিশ্রম করে এ জায়গায় আসতে হয়েছে। ব্যাপারটা মোটেও সহজ নয়।’