প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১১:৪৭ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:০৩ পিএম
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ শেষ। চলছে ডিপিএল। এর মাঝেই আয়ারল্যান্ড সফর নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। আইরিশদের বিপক্ষে ফিরতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। সফরের আগে সিলেটে ছোট ক্যাম্প করবে দল। সেখানে অবশ্য থাকবেন না লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তারা সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। মুস্তাফিজ সঠিক সময়ে যোগ দিলেও ছুটির মেয়াদ বাড়িয়ে নিয়েছেন লিটন দাস।
আরও পড়ুন : ফেডারেশন কাপে পাখির চোখ আবাহনী-শেখ জামালের
দেশ ছাড়ার আগে সিলেটে ক্যাম্প
আয়ারল্যান্ড সিরিজের আগে দেশের মাটিতে ক্যাম্প করবে বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ক্যাম্প হবে। বিষয়টি গতকাল সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।
এ নিয়ে তিনি বলেন, ‘ঈদের পর সিলেটে একটা ক্যাম্প হবে। (আয়ারল্যান্ডে) যাওয়ার আগে সেখানে হয়তো ২-৩ দিনের ছোট ক্যাম্প হবে।’ ক্যাম্পের ভেন্যু হিসেবে সিলেটকে কেন বেছে নেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেন, ‘সিলেটের উইকেট স্পেশালি চিন্তা করে হেড কোচ এটা নির্বাচন করেছেন। একটু বাইরে একটা জায়গায় করার চিন্তাভাবনা ছিল। ঢাকা থেকে বাইরে হলে, সিলেট ভেন্যুটা সবচেয়ে ভালো। সেজন্য ওই জায়গা নির্ধারণ করা হয়েছে।’ ঈদের পরে ২৬-২৭ এপ্রিল থেকে ক্যাম্প শুরু হবে বলে জানান তিনি। দল আগামী ১ মে দেশ ছাড়বে বলে নিশ্চিত করেছেন।
ইংল্যান্ডেই হবে বাংলাদেশের প্রস্তুতি
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। আইরিশদের হোম সিরিজ হলেও ইংল্যান্ডের মাটিতে সিরিজ আয়োজন করছে। সেখানেই অনুশীলন করবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছেন জালাল ইউনুস। কোচের পরামর্শেই ১ মে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হচ্ছে বাংলাদেশ। এই নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ডেই অনুশীলন হবে। সেখানে অনুশীলনের পর ৫ মে একটি প্রস্তুতি ম্যাচ আছে। সফর ছোট করতে চেয়েছিল। আমরা চেয়েছি সিরিজ শুরুর আগে কয়েক দিন অনুশীলন করতে। প্রধান কোচও চেয়েছিল সময় বাড়ানো যায় কি না। সেজন্য আমরা আগে যাচ্ছি।’
সরাসরি যোগ দেবেন মুস্তাফিজ-লিটন
বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় আইপিএলে খেলছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। আইপিএল শেষ হওয়ার আগেই অবশ্য ফিরতে হবে জাতীয় দলের ডেরায়। দুজনই সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যুক্ত হবেন। ২ মে দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজুর রহমান ও ৫ মে যোগ দেবেন লিটন দাস। বিষয়টি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজ সঠিক সময়ে দলের সঙ্গে যোগ দেবে। লিটন দুই দিন বেশি সময় ছুটি চেয়েছে। লিটন সম্ভবত ৫ তারিখে দলের সঙ্গে যোগ দেবে। আমরা সেটাতে রাজি হয়েছি।’ দলের সঙ্গে দেরিতে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস।
কোচিং প্যানেল ছুটিতে
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আপাতত আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। আয়ারল্যান্ড সফরের আগে আর কোনো খেলা না থাকায় তারা ছুটিতে আছেন। কারা কারা ছুটিতে আছেন সেটা অবশ্য বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া আয়ারল্যান্ড সফরে টিম ডিরেক্টর হিসেবে থাকছেন না খালেদ মাহমুদ সুজন। এই নিয়ে জালাল ইউনুস বলেন, ‘বেশিরভাগ কোচ ছুটিতে থাকবে। সহকারী কোচ নিক পোথাসকে নেওয়া হয়েছে। সে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে।’ টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন থাকবেন কি না এই বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘না। উনি এই সিরিজে থাকবেন না।’