প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৩:২৯ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৩:৩৯ পিএম
মোহাম্মদ সিরাজ যখন রান আউট হয়ে মাঠ ছাড়েন, ভারতের প্রথম ইনিংসও থামে তখন। স্কোরবোর্ডে ৩৩.২ ওভারে ১০ উইকেট হারানো রোহিত শর্মার দলের পক্ষে জমা পড়ে ১০৯ রান। অজিদের তিন স্পিনারের দাপটে ভারত কোনোমতে পেরোয় তিন অঙ্ক। সাদা পোশাকে দ্বিতীয় টেস্টে ফাইফার বনা কুনেমানের সঙ্গে সঙ্গ দিয়ে স্পিনবিষ ছড়িয়ে দিয়েছেন নাথান লায়ন ও টড মার্ফি। ভারতের ১০ উইকেটের নয়টি নিয়ে ধসিয়ে দিয়েছেন এই স্পিনত্রয়ী।
শঙ্কা ছিল—এমন হতে পারে, হলোও তাই। ইন্দোরের পিচ নিয়ে ম্যাচের আগে বড় মুখ করে ভারতের উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভরত বলেছিলেন, হোলকার ক্রিকেট স্টেডিয়াম খেলার জন্য একেবারে অযোগ্য নয়। টস জিতে ব্যাট নিয়ে ‘ভালো-খারাপের’ প্রমাণটা হাতেনাতে পেয়েছে ভারত। লাঞ্চের আগে অজি স্পিনত্রয়ীতে ধুঁকেছে দল, পরে স্কোরবোর্ডে ১০৯ রান এনেই থেমেছে ভারতের প্রথম ইনিংস।
আরও পড়ুন: ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া
লাঞ্চ বিরতিতে যাবার আগে ভারতের স্কোরবোর্ডের সর্বোচ্চ ২২ রান এনে ছিলেন বিরাট কোহলি। কেএল রাহুলের জায়গায় সুযোগ পাওয়া শুভমানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। বাকি টপ ও মিডল ধুঁকেছে স্পিনতোপে। প্রথম ইনিংসে সেই দুই ইনিংস শেষ পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে।
বুধবার ব্যাটে নেমে রান করতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, পূজারা করেছেন এক রান, ব্যর্থ ছিলেন জাদেজা এবং আইয়ার। ইন্দোরের পিচকে ব্যাটিং সহায়ক বলা শ্রিকর ভরত আনেন ১৭ রান। বিপর্যয়ের হাত থেকে রোহিতের দলকে রক্ষা করতে পারেননি আগের ম্যাচে ত্রাতা হওয়া অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। শেষদিকে উমেশ যাদবের ১৩ বলে ১৭ রানের ইনিংসে দলীয় ১০০ রান পার করে ভারত।
আরও পড়ুন: দুঃসময় দীর্ঘ হল বুমরাহর
মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন, দুই পেসার মিলে লাঞ্চের আগে করেছেন মাত্র ৭ ওভার, পুরো ইনিংসে বাকি সময়ে তাদের হাতে বল দেননি অধিনায়ক স্টিভ স্মিথ। বাকি ওভারগুলো হাত ঘুরিয়েছেন তিন স্পিনার। সফলও হয়েছেন তারা। লাঞ্চের আগে ১৪ রানে তিনটি উইকেট নেওয়া কুনেমান পরে নিয়েছেন আরও দুটি। সাদা পোশাকে অজিদের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে বনেছেন ফাইফার। ৩৫ রান খরচায় লায়নের দখলে ৩ উইকেট। ২৩ রানের বিনিময়ে মার্ফি ফিরিয়েছেন ভারতের সর্বোচ্চ স্কোরার কোহলিকে।