প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১২:০১ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১২:২৩ পিএম
শঙ্কা ছিল—এমন হতে পারে, হলোও তাই। ইন্দোরের পিচ নিয়ে ম্যাচের আগে বড় মুখ করে ভারতের উইকেটরক্ষক ব্যাটার শ্রীকর ভরত বলেছিলেন, হোলকার ক্রিকেট স্টেডিয়াম খেলার জন্য একেবারে অযোগ্য নয়। টস জিতে ব্যাট নিয়ে ‘ভালো-খারাপের’ প্রমাণটা হাতেনাতে পেয়েছে ভারত। লাঞ্চের আগে অজি স্পিনত্রয়ীতে ধুঁকেছে দল, স্কোরবোর্ডে ৮৪ রান আনতেই হারিয়েছে ৭ উইকেট।
বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিনে এখন পর্যন্ত দাপট দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার তিন স্পিনার নাথান লায়ন, টড মার্ফি এবং মাথিউ কুনেমান। তিনে মিলে ধসিয়ে দিয়েছে ভারতের ব্যাটিং লাইন আপ।
লাঞ্চ বিরতিতে যাবার আগে ভারতের স্কোরবোর্ডের সর্বোচ্চ ২২ রান এনেছেন বিরাট কোহলি। কেএল রাহুলের জায়গায় সুযোগ পাওয়া শুভমানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। বাকি টপ ও মিডল ধুঁকেছে স্পিনতোপে।
আরও পড়ুন: ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া
রান করতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, পূজারা করেছেন এক রান, ব্যর্থ ছিলেন জাদেজা এবং আইয়ার। ইন্দোরের পিচকে ব্যাটিং সহায়ক বলা শ্রিকর ভরত আনেন ১৭ রান। বিপর্যয়ের হাত থেকে রোহিতের দলকে রক্ষা করতে ব্যাটিংয়ে আছেন অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন: দুঃসময় দীর্ঘ হল বুমরাহর
মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন, দুই পেসার মিলে লাঞ্চের আগে করেছেন মাত্র ৭ ওভার। বাকি ১৯ ওভার হাত ঘুরিয়েছেন তিন স্পিনার। সফলও হয়েছেন তারা। ১৪ রানে তিনটি উইকেট নিয়েছেন কুনেমান, ২৩ রান খরচায় লায়নের দখলেও সমান উইকেট। ১২ রানের বিনিময়ে মার্ফি ফিরিয়েছেন ভারতের সর্বোচ্চ স্কোরার কোহলিকে।