প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৬ পিএম
একের পর এক তোপ দাগছেন ৩৬বর্ষী স্টুয়ার্ট ব্রুড, ধুঁকছে নিউজিল্যান্ড—ছবি গেটি ইমেজ
মাউন্ট মঙ্গানুই টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে যেন ওয়ানডে খেলল ইংল্যান্ড দল। ৭৩.৫ ওভার ব্যাট করে ওভার প্রতি তুলেছে পাঁচের বেশি করে রান। অলি পোপ ও হ্যারি ব্রুকরা ছিলেন আরেকটু খাপছাড়া। তিন ফিফটিতে বড় স্কোরও জমা করেছে বেন স্টোকসের দল। প্রায় চারশ ছুইছুই লক্ষ্য, যেমন জবাব আশা করছিল নিউজিল্যান্ড যেন পেল উল্টো। এমন হয়েছে, ইংলিশ পেস সামলে এখন কতদ্রুত তারা গুটিয়ে যায় সেটি দেখার!
বে ওভালে তৃতীয় দিনের প্রথম দুই সেশন ব্যাট হাতে দাপট দেখানো ইংল্যান্ড, শেষ সেশনে দেখাচ্ছে বোলিং প্রতাপ। সেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ব্রড, ইতিমধ্যে ১৫ রান খরচায় ঝুলিতে পুরেছেন ৪ কিউই ব্যাটারকে। ইংলিশদের দ্বিতীয় ইনিংস ৩৭৪ রানে থামলে স্বাগতিক কিউইরা লক্ষ্য পায় ৩৯৪ রানের। শেষ সেশনে চা পানের বিরতি শেষে করে তুলতে পেরেছে ৩৫ রান। খেলার ১৪ ওভারের মাঝেই ৫ টপ অর্ডারকে তুলে নিয়েছেন ব্রড ও অলি রবিনসন।
আরও পড়ুন: ভারতের বেহাল দশা
শনিবার তোপ দাগার কাজটা অনেকটা একাই সামলে চলছেন ব্রড। বর্ষীয়ান পেসারের তোপে টম লাথ্যাম, ডেভন কনওয়ে এবং শেষে কেন উইলিয়ামসন—কেউই অক্ষত রাখতে পারেনি উইকেট। দুমড়ে দেওয়ার শুরুটা করেছে ইনিংসের চতুর্থ ওভারে। পাহাড়সম রান সামনে নিয়ে ১৪ রানে ওপেনার কনওয়েকে হারায় ব্লাক ক্যাপস দল।
ষষ্ঠ ওভারে এসে আবার তোপ দাগেন ব্রড। এবার সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ১৫ রান করা লাথ্যাম। উইলিয়ামসনকে রানের খাতাই খুলতে দেননি। ড্রিংকস শেষে ফিরে ফিরিয়েছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম বান্ডলকে। মাঝে হেনরি নিকোলাসকে ফোকসের ক্যাচ বানিয়ে পালে হাওয়া জুগিয়েছেন রবিনসন।
আরও পড়ুন: খরা কাটাতে এক ম্যাচে ৪ গোল করলেন রোনালদো
হারের চোখ রাঙানি উপেক্ষা করে ক্রিজে আছেন ড্যারিল মিচেল ও মিচেল ব্রাসওয়েল। ইংলিশ পেস তোপে দলকে কতদূর টানতে পারেন তারা, সেটি বরং প্রশ্নের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল। ইংলিশদের ৩৯৪ রানের জবাবে ৩৫ রানে হারিয়েছে শুরুর ৫ উইকেট।