প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৪ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৭ এএম
অদম্য হয়ে ওঠা সিলেট স্ট্রাইকার্সের গতিরোধ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তাদের কাছে হেরে প্রথম সুযোগে ফাইনাল খেলা থেকে বঞ্চিত সিলেট। বেড়েছে ফাইনালে ওঠার অপেক্ষা। আজ সন্ধ্যায় ফাইনাল নিশ্চিত করতে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। সেখানে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। লিগপর্বে তিন নম্বরে থেকে প্লে অফে জায়গা পাওয়ায় তাদের খেলতে হয়েছে এলিমিনেটর। সেই লড়াইয়ে ফরচুন বরিশালকে প্রতাপের সঙ্গে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স।
এবারের বিপিএলে আগের দুই মোকাবেলায় রংপুরের বিরুদ্ধে তো জিততেই পারেনি সিলেট। সেই দুটো ম্যাচ ছিল অবশ্য লিগপর্বে। আজ লড়াই আরো বেশি ধারাল। কোয়ালিফায়ার ম্যাচ। যে হারবে বিদায় তার। জিতলেই ফাইনালের টিকিট। ১৬ ফেব্রুয়ারির যে ফাইনালে প্রতিপক্ষের অপেক্ষায় আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্লে অফের আগে রংপুর দলে টেনেছে ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, দাসুন শানাকাকে। তাদের পাশাপাশি ইংলি উইকেটকিপার কাম মারকুটো ব্যাটসম্যান স্যাম বিলিংসকেও এই ম্যাচে পাচ্ছে রংপুর রাইডার্স। প্লে অফের আগে হুট করে নতুন নতুন বিদেশি ক্রিকেটার আনলেও লিগপর্বে শোয়েব মালিক, হারিস রউফরা ছিলেন রংপুরের ভরসা। পিএসএল খেলতে দেশে ফিরে গেছেন তারা। তাদের বদলি হয়ে আসা নতুন বিদেশি তারকারা একটি করে ম্যাচ খেলার সুযোগ পেলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ। তবুও এলিমিনেটর-পর্ব নির্বিঘ্নেই পার করেছে রংপুর। সেখানে অবদান রাখেন তরুণ শামীম পাটোয়ারী। রবিবার তার ব্যাট হাসে ৭১ রানের ইনিংসে। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠতে দেশিদের পাশাপাশি বিদেশি তারকার ম্যাচজয়ী পারফরম্যান্সের দিকেই চেয়ে থাকবে রংপুর।
অন্যদিকে পুরো টুর্নামেন্টে সিলেটের হয়ে নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান ও তৌহিদ হৃদয়ের মতো তরুণ ব্যাটাররা নিয়মিত রান পেয়েছেন। যদিও কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে জাকির-হৃদয়ের ব্যাট ছিল ফ্লপ। দলও জিততে পারেনি। টপ অর্ডারের ব্যর্থতার পর নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোশনে এনে রান বাড়ানোর চেষ্টা করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পুরো টুর্নামেন্টে শান্ত-হৃদয়দের মতো নজর না কাড়লেও ব্যাটিংয়ে নিয়মিত রান পেয়েছেন মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে দেশিরা মূল পারফর্মার হলেও বোলিংয়ে সিলেটের মূল অস্ত্র ছিলেন মোহাম্মদ আমির-ইমাদ ওয়াসিমরা। তাদের পাশাপাশি রেজাউর রহমান রাজা ও মাশরাফি দারুণ বোলিং করলেও ছিলেন না লাইম লাইটে। শুধু তা-ই নয়, আমির-ইমাদের বিদায়ের পর বোলিংয়ে তাদের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। এই দুর্বলতার কারণে লিগপর্বে রংপুর রাইডার্সের কাছে হারে। সেই দুর্বলতা সারিয়ে তুলতে ইসুরু উদানা, জর্জ লিন্ডে, শফিকুল্লাহ গিফারি ও মোহাম্মদ ইরফানরা আছেন। যদিও এখনও তাদের কাছে প্রত্যাশামাফিক কোনো পারফরম্যান্স পাওয়া যায়নি। যদিও তাদের ওপর ভরসা আছে সিলেট কোচ রাজিন সালেহ’র-‘আমরা শক্তিশালী দল। আশা করি, আমরা দারুণভাবে ফিরে আসব।’ দ্বিতীয় কোয়ালিফায়ারে ভুল শুধরে পারফর্ম করতে পারলে আশাবাদী সিলেটের কোচ।
আরও পড়ুন: মৌসুমের ‘সবচেয়ে কঠিন’ ম্যাচ পিএসজির
আরও পড়ুন: রাতে ঢাকায় পা রাখছেন অ্যাথলেটিকসে স্বর্ণ জেতা ইমরানুর
সিলেট কোচ রাজিন আশাবাদী হলেও পরিসংখ্যান কথা বলছে বিপরীতে। লিগপর্বে দুই ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছে। প্রথম দেখায় সিলেটে এবারের আসরে সর্বনিম্ন ৯২ রানের বেশি করতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল। যদিও রংপুরকে ওই ম্যাচ জিততে ১৬ ওভার পর্যন্ত খেলতে হয়েছে। পরেরবার ঢাকায় রংপুরের বিপক্ষে ১৭৬ রানের মাঝারি সংগ্রহও জিততে দেয়নি সিলেটকে। প্রথমবার জিততে বেগ পেলেও দ্বিতীয় ম্যাচে রংপুরের জয় ছিল বেশ সাবলীল। পরিসংখ্যান পক্ষে থাকায় রংপুরের আত্মবিশ্বাসের পালে হাওয়া বইবে একটু জোরেই। সেদিকে মানসিকভাবে পিছিয়ে থেকেই দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামবে তারা। সন্ধ্যায় যারা শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে তারাই কুমিল্লার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে।