প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০২ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৬ এএম
তিনবার দ্রুততম মানব ইমরানুর রহমান নিজেকে পৌঁছে দিয়েছেন অনন্য এক উচ্চতায়। গত শনিবার বিদেশের মাটিতে দেশের পতাকা মেলে ধরেছেন। সবাইকে বিস্মিত করে জয়ের কেতন ওড়ালেন কাজাখস্তানে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে জিতলেন স্বর্ণপদক। আর এতেই দেশে অ্যাথলেটিকসের ইতিহাস নতুন করে লিখলেন ইমরানুর। বাংলাদেশের হয়ে এমন দুরন্ত কীর্তি নেই অন্য কারও! প্রিয় মাতৃভূমিকে এশিয়ান অ্যাথলেটিকসে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই যারপরনাই উচ্ছ্বাসের ভেলায় ভাসছেন ইমরানুর। মনের সেই আনন্দটা ঠিক প্রকাশ করার ভাষাই যেন খুঁজে পাচ্ছেন না। নিজ দেশেও এই অ্যাথলেটজয়ীকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আছেন তার শুভাকাঙ্ক্ষীরা। আজ বিশ্ব ভালোবাসার দিন সকালে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার কথা ছিল তার। তবে আপাতত তাতে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে ফ্লাইট শিডিউল। সকালের পরিবর্তে রাতে ঢাকায় পা রাখতে হচ্ছে তাকে।
আরও পড়ুন : ইমরানুরের চোখে এখন অলিম্পিকের স্বপ্ন
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। তিনি জানান, ‘কাজাখস্তান থেকে ফ্লাইট বিলম্বের কারণে ইমরানুর রহমানের ফ্লাইটটি পুনর্নির্ধারণ করা হয়েছে। যার ফলে সকালের পরিবর্তে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়া আবুধাবি হয়ে ঢাকায় পৌঁছাবেন তিনি। এ অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুরের পৈতৃক নিবাস সিলেট জেলার জালালপুর গ্রামে। পরে নাড়ির টানে দেশে ফিরে আসেন তিনি। এরপর চমকে দেন সবাইকে। ১০০ মিটারে স্বর্ণ জিতে নিজের জাত চেনান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের এই তারকা। স্প্রিন্টে তার পরের গল্পটা কেবলই সাফল্যের।