প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৯ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১১ পিএম
ভ্যালেন্টাইন ডে আজ। তবে ইউরোপীয় ফুটবলের জন্য মধ্য ফেব্রুয়ারি সময়টা প্রতিবছরই একটু বিশেষ উপলক্ষ নিয়ে আসে। এই সময়েই যে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব ফেরে মাঠে, শুরু হয় ‘বিজনেস এন্ডের’ লড়াই! বায়ার্ন মিউনিখ-পিএসজি, এসি মিলান-টটেনহ্যাম হটস্পারের ম্যাচ দিয়ে শুরু এবারের চ্যাম্পিয়নস লিগ নকআউটের।
বায়ার্ন মিউনিখকে পিএসজি চেনে খুব ভালো করেই। নিজেদের ইতিহাসে যেবার সবচেয়ে কাছে চলে গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের, সেই ২০২০ সালে তো এই বায়ার্ন মিউনিখই কিলিয়ান এমবাপে-নেইমারদের স্বপ্নের হন্তারক রূপে আবির্ভূত হয়েছিল। সেই ফাইনালে ১-০ গোলে হারের শোধ অবশ্য পরের বছরই তুলে ফেলেছে দলটি। বায়ার্নকে সেবার এমবাপেরা তাদেরই মাঠে হারিয়েছিলেন ৩-২ গোলে, ঘরের মাঠে দ্বিতীয় লেগটা এক গোলে হারলেও অ্যাওয়ে গোল সুবিধায় তারাই চলে গিয়েছিল সেমিফাইনালে।
এই তিন ম্যাচই নয়। ২০১৭-১৮ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগে দুবার খেলেছে দলটি। ফলে পিএসজির এই দলটার কাছে বায়ার্ন মিউনিখ অচেনা নাম হবার কথা নয়।
তবে পিএসজির সমস্যা অন্য জায়গায়। মৌসুমের শুরুতে যে ক্ষুরধার ছিল দলটির পারফরম্যান্স, মৌসুমের দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন সে ধারটা হারিয়ে ফেলেছে দলটি। বছরের শুরুতে লেঁসের কাছে হেরে শুরু, পরের দশ ম্যাচে হেরেছে আরও তিনবার, ফরাসি কাপটাও গেছে হাত থেকে ফসকে। এই ম্যাচে পা রাখছে মার্শেই আর মোনাকোর কাছে টানা দুই ম্যাচে হেরে।
চোট সমস্যাও আছে দলটির। লিওনেল মেসি সবশেষ ম্যাচে খেলেননি দলটির হয়ে, তবে কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, বায়ার্নের বিপক্ষে আজই তিনি ফিরবেন ফিট হয়ে। ফিরবেন মার্কো ভেরাত্তিও। ঊরুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে, তা থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন গত রবিবার। তবে বায়ার্নের বিপক্ষে তাকে মাঠে নামাবেন কি না কোচ, তা নিয়ে প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে।
চোটের চোখরাঙানি বায়ার্ন শিবিরেও আছে। থমাস মুলার গত শনিবার বখুমের বিপক্ষে ম্যাচের ৪৫ মিনিট খেলেই পেশির সমস্যায় মাঠ ছাড়তে হয়েছিল। যদিও তিনি জানিয়েছেন, এটা এমন গুরুতর কিছু নয়। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে কোচ জুলিয়ান নাগেলসমান একাদশে রাখবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বায়ার্নের সমস্যা এখানেই শেষ। বাকি তথ্যগুলো পিএসজির বিপক্ষে সাক্ষাতের আগে ব্যাভারিয়ানদের এগিয়েই দেবে কেবল। অধিনায়ক ম্যানুয়েল নয়্যার চোট নিয়ে পুরো মৌসুমের জন্য চলে গেছেন মাঠের বাইরে। তার শূন্যস্থান পূরণে বায়ার্ন জানুয়ারিতে বরুশিয়া মনশেনগ্লাডবাখ থেকে দলে ভিড়িয়েছে ইয়ান সমেরকে। সঙ্গে দলটিতে যোগ দিয়েছেন ফুলব্যাক জোয়াও কানসেলোও। ফলে দলটির শক্তি বেড়ে গেছে বহুগুণে।
চলতি মৌসুমে বায়ার্ন চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে করেছে ১৮ গোল, হজম করেছে মোট দুটো। গ্রুপ অফ ডেথ থেকে ৬ জয় নিয়ে চলে এসেছে শেষ ষোলোয়। চলতি মৌসুমে ৩০ ম্যাচে ৯৬ গোল করেছে বায়ার্ন। ফলে দলটির আক্রমণভাগকে তর্কসাপেক্ষে ইউরোপের সেরাই ধরা হচ্ছে।
তবে বায়ার্নের সমস্যা যেখানে শেষ, পিএসজির সমস্যার শুরু যেন সেখানেই। চোটের কারণে কিলিয়ান এমবাপেকে যদি না পায় পিএসজি, তাহলে যে কাজটা কঠিনই হবে তা বলাই বাহুল্য। এটাই যদি পিএসজির সমস্যার শেষ হতো, তাহলেও দলটার বর্তে যাওয়ার সুযোগ থাকত। কিন্তু অবস্থাদৃষ্টে তা মনে হচ্ছে না আদৌ। দলের মাঝমাঠ রঙ হারিয়েছে চলতি বছরের শুরু থেকেই, পিএসজির বাজে সময়ের একটা বড় কারণও এটাই। তার চেয়েও বড় সমস্যা দলটির রসায়ন। অভ্যন্তরীণ কোন্দলের চাপান-উতোর মাঝে মধ্যেই চলে আসছে গণমাধ্যমে।
সবকিছু মিলিয়ে ম্যাচের আগের আবহটা পিএসজির পক্ষে কথা বলছে না আদৌ। ফলে শারীরিক তো বটেই, ম্যাচটা মানসিক একটা বড় পরীক্ষাও নিয়ে হাজির হয়ে যাচ্ছে পিএসজির সামনে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
এসি মিলান-টটেনহ্যাম
সরাসরি রাত ২টা
সনি লাইভ, সনি টেন ওয়ান
পিএসজি-বায়ার্ন মিউনিখ
সনি লাইভ, সনি টেন টু এইচডি