× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় বছরেও শেষ হয়নি নির্মাণকাজ, অন্যের উঠানে পাঠদান

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৬ ১৬:০৩ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বছরেও ভবন নির্মাণকাজ শেষ না হওয়ায় অন্যের উঠানে নির্মিত জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে ৬ বছরেও ভবন নির্মাণকাজ শেষ না হওয়ায় অন্যের উঠানে নির্মিত জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-দুর্যোগ আশ্রয়কেন্দ্র ভবনের নির্মাণকাজ শুরু হওয়ার ২৪ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে নির্মাণকাজ শুরুর ছয় বছর পেরিয়ে গেলেও প্রকল্পটি এখনও সম্পন্ন হয়নি।

এ কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে অন্যের জমিতে নির্মিত অস্থায়ী টিনশেড ঘরে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এতে শিক্ষার্থীরা যেমন দুর্ভোগে পড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ।

অন্যদিকে ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় মানুষের জানমাল রক্ষার উদ্দেশ্যে সরকার আশ্রয়কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল। 

কিন্তু নির্মাণকাজ শেষ না হওয়ায় গত দুটি বন্যার সময় দুর্যোগকবলিত মানুষ আশ্রয়কেন্দ্রটির সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

কয়েকদফা বাড়ানো হয় নির্মাণকাজের সময়

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে বহুমুখী দুর্যোগ আশ্রয় প্রকল্পের (এমডিএসপি) আওতায় বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ভবনটি নির্মাণ করা হচ্ছে। ৪ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৩০০ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ ভবনটির কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড।

এরপর ২০২০ সালের মার্চ মাসে নির্মাণকাজ শুরু হয়। কাজ শুরুর ২৪ মাসের মধ্যে এটি শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়ানো হয়। তবে ছয় বছর পেরিয়ে গেলেও অর্ধেক কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ কারণে ওই ঠিকাদারকে বাতিল করে নতুনভাবে কাজটির পুনঃদরপত্র প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সূত্রটি।

সরেজমিনে দেখা যায়, তিনতলা ভবনের প্রায় অর্ধেক নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় ভবনের উন্মুক্ত রডে মরিচা ধরেছে। 

আরও দেখা যায়, নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে, বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে জন্মেছে আগাছা। ভবনের চারপাশে নিরাপত্তাব্যবস্থার অভাবে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তবে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের দাবি, রডে মরিচা পড়লেও সেগুলো এখনও ব্যবহারের উপযোগী রয়েছে।

পাঠদান চলছে অন্যের উঠানে

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে পুরোনো ভবনটি ভেঙে ফেলার পর থেকেই জমিদাতার বাড়ির আঙিনায় নির্মিত একটি অস্থায়ী টিনশেডে পাঠদান কার্যক্রম চলছে।

তবে সেই টিনশেডও নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই টিন চুঁইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায়। পাশাপাশি বিদ্যালয়ের অফিস কক্ষে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রও বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানায় সূত্রটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. মোস্তফা এরশাদ বলেন, “ভবন ভাঙার পর থেকেই টিনশেডে ক্লাস নিতে হচ্ছে। শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়ে দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। বর্তমানে পাঁচজন শিক্ষক রয়েছেন।

“অস্থায়ী ঘরে পাঠদান করতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি কার্যালয়ের আসবাবপত্রও নষ্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থীও স্কুলে আসতে আগ্রহ হারিয়ে ফেলছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান চরম অবহেলা করেছে।”

আশ্রয়কেন্দ্রহীন দুর্ভোগে বন্যাকবলিত মানুষ

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, সাম্প্রতিক বন্যায় ছিলোনিয়া গ্রামের বিভিন্ন এলাকায় পানি ওঠে। কিন্তু নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রের কাজ শেষ না হওয়ায় সেটি ব্যবহার করা যায়নি।

আশ্রয়কেন্দ্রটি চালু থাকলে দুর্যোগের সময় মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হতো বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপক আমিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমনকি খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির অন্য মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পুনঃদরপত্রের অপেক্ষায় ঝুলে প্রকল্প

ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, “প্রকল্পটির পুনঃদরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ ও নির্মাণকাজ পুনরায় শুরুর বিষয়ে এখনও নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না।”

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিনশেডে পাঠদান করছে এবং দুর্যোগের সময় স্থানীয় মানুষ আশ্রয়কেন্দ্রের সুবিধা পাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত পুনঃদরপত্রের কাজ শেষ করে নির্মাণকাজ পুনরায় শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

দীর্ঘ ছয় বছর ধরে ঝুলে থাকা এই বিদ্যালয়-কাম-ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা