× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকল্পের মেয়াদ শেষ, তবুও হয়নি সেতু নির্মাণ

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি (চট্টগ্রাম)

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৩:৩৮ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৪:০৬ পিএম

ফটিকছড়ির পাঁচপুকুরিয়া-সিদ্ধাশ্রম সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে সেতুটির নির্মাণকাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফটিকছড়ির পাঁচপুকুরিয়া-সিদ্ধাশ্রম সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো অর্ধসমাপ্ত অবস্থায় রয়েছে সেতুটির নির্মাণকাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেয়াদ শেষ হলেও ফটিকছড়ির পাঁচপুকুরিয়া-সিদ্ধাশ্রম সেতুর কাজ এখনও অসমাপ্ত। এ কারণে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষকে ১৫ কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে।

সুন্দরপুর-সুয়াবিল ইউনিয়নের সংযোগকারী সেতুটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদীর ওপর নির্মাণ করা হচ্ছে।

৪৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের ২৪০ মিটার দীর্ঘ সেতুটি চালু না হওয়ায় একদিকে পথচারীদের যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে যাতায়াত ব্যয়ও।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (প্রথম পর্যায়)’-এর আওতায় ২০২৪ সালের ২১ জানুয়ারি কার্যাদেশ দেওয়া হয়।

৩০ মাস মেয়াদি প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ২০ জুলাই।

সেতুটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাহের এন্ড ব্রাদার্স। 

প্রতিষ্ঠানটির দাবি, কার্যাদেশ পাওয়ার প্রায় এক বছর পর চূড়ান্ত নকশা হাতে পাওয়ায় কাজ বিলম্বিত হয়েছে। পাশাপাশি সংযোগ সড়কের জমি অধিগ্রহণও এখনও শেষ হয়নি।

এ কারণে প্রকল্প পরিকল্পনা, নকশা অনুমোদন, জমি অধিগ্রহণ ও বাস্তবায়ন ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় নাগরিকদের অনেকেই।

তাদের মতে, বিলম্বের দায় শুধু ঠিকাদারের নয়, সংশ্লিষ্ট সব পর্যায়ের তদারকিও খতিয়ে দেখা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় জানিয়েছে, প্রকল্পের অগ্রগতি ৫৫ শতাংশ। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজের অগ্রগতি ৬০ শতাংশ।

যদিও সরেজমিনে দেখা গেছে, পাইল, পাইল ক্যাপ, পিয়ার ও পিয়ার ক্যাপ নির্মাণ শেষ হলেও গার্ডার সংযোগ, ডেক স্ল্যাব, স্টিলের কাজ, দুই পাশের সংযোগ সড়ক, নদী প্রতিরক্ষা ব্লক এবং বৈদ্যুতিক আলোকসজ্জাসহ গুরুত্বপূর্ণ অনেক কাজ এখনও বাকি। স্থানীয় কয়েকজন দাবি করেন, দৃশ্যমান অগ্রগতি ৪০ শতাংশের বেশি নয়।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. শাহিন বলেন, “অর্থসংকট নয়, সবচেয়ে বড় সমস্যা ছিল নকশা। কার্যাদেশ পাওয়ার প্রায় এক বছর পর চূড়ান্ত নকশা হাতে পাই। ফলে দীর্ঘ সময় কাজ শুরু করা যায়নি। সংযোগ সড়কের জমি অধিগ্রহণও এখনো শেষ হয়নি।

“এ ছাড়া পাহাড়ি ঢল ও বন্যাও কাজে বাধা সৃষ্টি করেছে। এ কারণে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর আবেদন করা হয়েছে। আশা করছি, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।”

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় ১৯ কোটি টাকা বিল পরিশোধ করা হয়েছে। বাকি রয়েছে প্রায় ২৭ কোটি টাকা। তবে অর্থ ছাড়ের তুলনায় দৃশ্যমান অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজনের দাবি, সেতু চালু না হওয়ায় সুন্দরপুর, পূর্ব সুয়াবিল, পাঁচপুকুরিয়া, চাঁদেরঘোনা ও আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের বিবিরহাট বা নাজিরহাট যেতে অতিরিক্ত প্রায় দেড় ঘণ্টা সময় লাগছে। প্রতিজনের যাতায়াত ব্যয়ও বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা।

স্থানীয় বাসিন্দা শফি কোম্পানি বলেন, “কবে হবে এই সেতু, তার কোনো হিসাব নেই। প্রতিদিন ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। আমাদের কষ্টের শেষ নেই।”

স্থানীয় বাসিন্দা মো. ফারুক ও আপন নাথ বলেন, “সেতুটি হলে পুরো এলাকার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। কিন্তু কাজের গতি দেখে মনে হয়, শেষ হতে আরও কয়েক বছর লেগে যাবে।”

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী সাইফুর রহমান সোহান বলেন, “সেতুটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। কিন্তু ধীরগতির কারণে মানুষের মধ্যে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

কার্যাদেশ জারির দুই মাস সাত দিন আগেই তৎকালীন সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে তৎকালীন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন।

তখন এক বছরের মধ্যে কাজ শেষের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দ্বিগুণেরও বেশি সময় পেরিয়ে গেছে।

উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, “প্রকল্পের মূল কাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। হালদা নদীর ওপরাংশ ও দুই পাশের সংযোগ সড়কের কাজ এখনো বাকি রয়েছে। আশা করছি, কাজটি দ্রুত শেষ হবে।”

তবে প্রকল্পের সার্বিক অগ্রগতি, নকশা অনুমোদনে বিলম্ব এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ জানতে চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা