এনসিপি নেতা কাফি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২৩:১৫ পিএম
এনসিপি নেতা নুরুজ্জামান কাফি।
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। অবৈধভাবে রাস্তা নির্মাণে বাধা দিলে কাফি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে কাফির দাবি, তিনি নিয়ম মেনে জমি ক্রয় করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৪ সাল থেকে বিভিন্ন সময়ে ক্রয়ের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ মোট ৪০ দশমিক ৬৪ শতাংশ জমির মালিকানা অর্জন করে এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। ২০১৮ সালে জাতীয়করণের পর জমিগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে হস্তান্তর করা হলেও গত সপ্তাহে এর মধ্যে ৬ শতাংশ জমি দখল করে কাফি সড়ক নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহিম বলেন, ‘গত এক সপ্তাহ আগে নুরুজ্জামান কাফি সিক্সলেনের পাশে অবস্থিত ২১ একর ৭৬ শতাংশ জমির মধ্য থেকে ৬ শতাংশের মতো জমি দখল করে রাস্তা নির্মাণের কাজ করেন। বিদ্যালয়ের জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
তবে নুরুজ্জামান কাফির দাবি, নিজের জমিতে যাতায়াতের পথ না থাকায় তিনি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমিটা খরিদ করার প্রস্তাব দেন। পরে প্রধান শিক্ষক জানান, এই জমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিবের নামে দেয়া হয়েছে। পরবর্তীতে কাফি জানতে পারেন মোবারক পঞ্চায়েতের নাতি সালাউদ্দিন নয়ন পাহলানসহ ওয়ারিশরা মামলা চালিয়ে উচ্চ আদালত থেকে ওই জমি তাদের পক্ষে রায় পেয়েছে। তিনি তাদের কাছ থেকে বায়না চুক্তির মাধ্যমে ৬ শতাংশ জমি কিনে বুঝে নেন। স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করে দেখছি। যদি সে স্কুলের জমি দখল করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।