হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৯:২৩ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৯:৩০ পিএম
আদালত প্রাঙ্গণে এনসিপির দায়ের করা মামলায় জামিন পাওয়া ছাত্রদলের নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামি।
হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে আত্মসমর্পণ করে রবিবার তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ছাত্রদলের নেতারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের সবাইকে অস্থায়ী জামিন দিয়েছেন”।
জামিনপ্রাপ্তরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ, যুগ্ম আহ্বায়ক রক্সি ইসলাম, মোজাক্কির হোসেন ইমন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি, এম এইচ নশিমুল, আল সাইমুম, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান, শেখ সাব্বির।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৫টায় হবিগঞ্জ শহরে জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচী শেষে সার্কিট হাউসে ফেরার পথে শহরে থানার মোড় এলাকায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনকে আসামি করে এনসিপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।
অপরদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে সদর থানায় একটি মামলার আবেদন করা হয়।