এনসিপি লোগো। ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাইয়ের আন্দোলন ও গণঅভ্যুত্থানে যে ছাত্রনেতারা জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন, রাজনৈতিক দল গঠনের পর তারা কি ক্রমশ একা হয়ে পড়ছেন? নাকি একসময়ের সহযোগী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব বাড়ছে এবং দলটি প্রতিপক্ষের আক্রোশের শিকার হচ্ছে? এমন প্রশ্ন দেখা দিয়েছে সম্প্রতি হবিগঞ্জ, সিলেট, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে শীর্ষ নেতৃত্ব ও নেতাকর্মীদের ওপর একাধিক হামলার ঘটনার পর।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা দেখা দেয়। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তখন বিবৃতি দিয়ে এর অন্যতম প্রধান শরিক দল এনসিপির নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তা যথেষ্ট নয়। তারা এ-ও মনে করছেন, এনসিপি রাজনৈতিক হামলার শিকার হলেও জনগণকে আগের মতো এই তরুণ সংগঠক-নেতাদের সমর্থন দিতে কিংবা ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যাচ্ছে নাÑএটিও বিস্ময়ের ব্যাপার। একদিকে এসব হামলা অন্যদিকে এনসিপির ব্যাপারে জনগণের এই নিস্পৃহতা দলটির জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এনসিপি ও তাদের শরিক দলগুলো কী করছে বা করতে পারছে, কতটা করছেÑ এসব নিয়েও রাজনৈতিক মহলে আলাপ-আলোচনা হচ্ছে।
এনসিপি একা হচ্ছে না, মনে করছেন অধ্যাপক দিলারা চৌধুরী
অবশ্য অন্যতম রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন না যে, এনসিপি একা হয়ে পড়ছে। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘এনসিপির জনসমর্থন নিয়ে কোনো সুনির্দিষ্ট জরিপ না থাকলেও তারা জাতীয় রাজনীতিতে যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তাদের প্রতি (এনসিপির প্রতি) বড় ও পুরনো রাজনৈতিক দলগুলোর মতো জনসমর্থন না থাকলেও তারা দেশের মানুষের জন্য লড়াই করছে। সুতরাং তারা একা হচ্ছে না। আমার পরিচিত দেশের অনেক শিক্ষক ও শিক্ষিত মহল এবং সাধারণ মানুষকেও তো দেখছি, এনসিপির সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, তারা সেসবের তীব্র নিন্দা জানাচ্ছেন। কারণ সাধারণ মানুষসহ দেশের বিভিন্ন পেশাজীবী সংঘাতময় রাজনীতি দেখে দেখে ক্লান্ত। তারা এসব সমর্থন করে না।’
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন। এনসিপির অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’ প্রধানমন্ত্রীকে নিয়ে স্লোগান দিলে দুই পক্ষের বৈরিতা আরও চরমাকার ধারণ করে। বিএনপি নেতারা দাবি করেছেন, এনসিপি নেতাদের ‘অশোভন’ ও ‘অসংলগ্ন’ বক্তব্যের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সংঘাতে মূলধারার বড় রাজনৈতিক দলের সঙ্গে তরুণ নেতাদের এই নতুন দলের দূরত্ব ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হয়ে উঠেছে।
‘এনসিপির মূল টার্গেট এখন তৃণমূলে দল দাঁড় করানো’
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জুলাই আন্দোলনের সময়ে থেকেই এনসিপির নেতারা লড়াই-সংগ্রাম করে আসছেন। হামলা-মামলাসহ নানা প্রতিবন্ধকতা থাকার পরও এনসিপি নেতারা রাজনৈতিক প্লাটফর্ম গড়ে তুলেছেন, লড়াই করছেন। ফলে এখন এনসিপির ওপর বিএনপি বিভিন্ন জায়গায় হামলা করছে। পুলিশ বিভিন্ন জায়গায় দলটিকে বাধা দিচ্ছে। এনসিপি তৃণমূলে দলকে সংগঠিত করছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু এসব হামলা, ভয়, মামলা দিয়ে এনসিপিকে সাংগঠনিকভাবে খুব বেশি কিছু করতে পারবে না। আমরা বিএনপির এ হামলা-ভয়-আতঙ্ক রাজনৈতিকভাবে মোকাবিলা করেই সামনে এগিয়ে যাব।’
তিনি বলেন, ‘এনসিপির এখন মূল টার্গেট তৃণমূল। প্রত্যেকটা উপজেলায় দল দাঁড় করানো। এরই ধারাবাহিকতায় হামলা ও ভয়ভীতির মধ্যে দিয়েও আমরা ১০০টার ওপর উপজেলায় জুলাই পদযাত্রা এবং সাংগঠনিক সভা-সমাবেশ, সেমিনার করেছি। সামনে আরও করব। সে লক্ষ্যেই আমরা পরিকল্পনা করছি।’
এনসিপির অন্য নেতারাও দাবি করছেন, তারা ফ্যাসিবাদের পদাঙ্ক অনুসরণকারী শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই চালিয়ে যাবেন। ১১ দলীয় জোটের শরিকরাও তাদের পাশে রয়েছেন বলে জানা গেছে। জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সংহতি প্রকাশ করেছেন। তবে বড় দলগুলোর প্রবল বিরোধিতা এবং জনসমর্থনের সমীকরণ বদলে যাওয়ার কারণে এনসিপি যে এক কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখে পড়েছে, সেটি নিশ্চিত।
‘সংঘাত-সন্ত্রাস প্রত্যাশিত নয়’
এ বিষয়ে অধ্যাপক ড. দিলারা চৌধুরী গতকাল শনিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিএনপি সম্ভবত চাইছে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোকে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক অবস্থানে নিয়ে যেতে। জুলাই আন্দোলনের পরে দেশে এরকম সংঘাত-সন্ত্রাস আমরা প্রত্যাশা করি না। বিএনপির উচিত, এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে সামাল দেওয়া। কারণ এই ধরনের সংঘাতময় পরিস্থিতি থাকলে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে।’ এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, ‘সাধারণ মানুষ এই সংঘাতময় চায় না। এ বিষয়টি সরকারকে মাথায় রাখতে হবে এবং গুরুত্ব ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে হবে।’
সামাজিক মাধ্যমে ‘বাগযুদ্ধ’
এদিকে বিভিন্ন সূত্র জানাচ্ছে, এনসিপির ওপর হামলার ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিতে প্রায় ২৮ ঘণ্টা দেরি হওয়ায় দলটির সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে দুই দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ‘বাগযুদ্ধ’ও হয়ে গেছে। এনসিপি সমর্থকদের অভিযোগ, বিএনপির সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে জামায়াত কঠোর অবস্থান নিচ্ছে না। অন্যদিকে জামায়াতের কিছু সমর্থক মনে করছেন, রাজনৈতিকভাবে আলোচনায় থাকার জন্য এনসিপি পরিকল্পিতভাবে এসব ঘটনার অবতারণা করছে। যদিও জামায়াতের শীর্ষ নেতারা এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ দাবি করেছেন যে, তাদের জোটগত সম্পর্কে কোনো সংকট নেই এবং সরকার এই ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় তরুণ নেতারা কোনো সুনির্দিষ্ট দলের ছিলেন না, কিন্তু এখন তারা একটি নির্দিষ্ট ‘রাজনৈতিক পক্ষ’। এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর সাধারণ জনগণের অবস্থানেও পরিবর্তন এসেছে। রাজপথে প্রথাগত সংঘাত, ১৪৪ ধারা জারি এবং সহিংসতার পুনরাবৃত্তি দেখে মাঠপর্যায়ের জনগণ এখন এনসিপিকেও সতর্ক পর্যবেক্ষণে রেখেছে।