× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির বৈঠক

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:১৭ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ২১:৩৫ পিএম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: বিএনপি

রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য প্রার্থী মনোনয়ন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

দেশের বাইরে থাকায় স্থায়ী কমিটির দুই সদস্য ড. আবদুল মইন খান ও মির্জা আব্বাস ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র।

দলীয় সূত্রে জানা যায়, চলতি মাসেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্নের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রার্থী মনোনয়নের বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হয় বৈঠকে, তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ন্যস্ত করেছেন স্থায়ী কমিটির সদস্যরা।

সূত্র আরও জানায়, বৈঠকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হলেও কাউকে চূড়ান্ত করা হয়নি। দলের চেয়ারম্যানই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণ করবেন। 

এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আলোচনায় এনসিপির সঙ্গে সংঘাত

বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি, বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘাত এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সংগঠিত করা, নেতা-কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি ও আগামী রাজনৈতিক কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে এতে।

দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে উপস্থিত নেতারা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় ঐক্য ও সাংগঠনিক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সরকারের নানা কার্যক্রম ও আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েও মতবিনিময় হয়।

স্থায়ী কমিটির বৈঠকের আগে গুলশান কার্যালয়ে নওগাঁ ও জয়পুরহাট জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশনা দেন তারেক রহমান। বিশেষ করে একক প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাদের তাগিদ দেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা