গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তবে তফসিলের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। চূড়ান্ত হলে তা জানানো হবে। বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। সংশ্লিষ্ট আইনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিধান রয়েছে। সে অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করা হয়েছে। তিনি জানান, সংসদ অধিবেশনে থাকলে এবং অধিবেশন না থাকলে নির্বাচনী প্রক্রিয়ায় ভিন্ন ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের ভোটার তালিকা সংসদ সচিবালয় সরবরাহ করবে। এ বিষয়ে কমিশন ইতোমধ্যে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে।
স্পিকার রেফার করলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতের দেওয়া চিঠির বিষয়ে স্পিকার রেফার করলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এক নারীর সঙ্গে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর দলটি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও স্পিকারের কাছে চিঠি দেয়।
আইন অনুযায়ী, সংসদ সদস্যপদ বিষয়ক বিরোধ নিষ্পত্তি আইন-১৯৮০ অনুসারে কোনো বিরোধ স্পিকারের মাধ্যমে নির্বাচন কমিশনে উত্থাপিত হলে তা শুনানি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ইসি। গতকাল রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক হলেও সেখানে গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সিইসি।
সাধারণত দল থেকে বহিষ্কার করা হলে তার সদস্যপদ শূন্য হওয়ার বিধান রয়েছে। ইতঃপূর্বে নির্বাচন কমিশন শুনানির মাধ্যমে মেজর (অব.) আখতারুজ্জামানসহ একাধিক সংসদ সদস্যের সদস্যপদ বাতিল করে দিয়েছে। সেই রেফারেন্সগুলোই গাজী নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। দল থেকে বহিষ্কার হওয়ার পর আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না গাজী নজরুল ইসলামকে। অনেকটা আত্মগোপনে চলে গেছেন তিনি।