অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার
প্রতীকী ছবি।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার মানবসভ্যতার অন্যতম বড় অর্জন। একসময় যে সংক্রমণে মানুষের মৃত্যু অনিবার্য ছিল, অ্যান্টিবায়োটিকের কল্যাণে তা সহজেই নিরাময়যোগ্য হয়েছে। কিন্তু বিজ্ঞানের এই জীবনরক্ষাকারী আবিষ্কার এখন কার্যত হুমকির মুখে। নির্বিচার ও অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে রোগ সৃষ্টিকারী জীবাণু ক্রমেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষম হয়ে উঠছে। একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এই বিপজ্জনক পরিস্থিতির নাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। এখনই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষায় কার্যকর উদ্যোগ না নিলে গুরুতর জনস্বাস্থ্য সংকটের সৃষ্টি হতে পারে।
গতকাল প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যাচ্ছে। সম্প্রতি একাধিক গবেষণাতেও এই বিপদের ভয়াবহতার কথা বলা হয়েছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বলছে, দেশে সংক্রমণ ঘটানো জীবাণুর ৫৫ শতাংশই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর)। তার মানে একাধিক শ্রেণির অ্যান্টিবায়োটিকই প্রতিরোধক্ষম। ভয়াবহ তথ্য হচ্ছে, আইসিইউতে এ হার ৯৩ শতাংশ। সেখানে শনাক্ত প্রতি ১০০টি জীবাণুর ৯৩টিই একাধিক ওষুধকে হার মানাচ্ছে।
জানা গেছে, সংক্রমণ ঘটানো জীবাণুর ৭৮ শতাংশ গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া, যার মধ্যে ই. কোলাই ও কে. নিউমোনিয়া উল্লেখযোগ্য। ১৪টি অ্যান্টিবায়োটিক বিশ্লেষণে ১ হাজার ১১৮টি জীবাণু-ওষুধ ফলাফলের ৭৯৫টিতেই সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। সব নমুনা মিলিয়ে ৫২ শতাংশ ফলাফল ‘রেড জোনে’। নমুনাভেদে এ হার প্রস্রাবে ৪৬, মলে ৬৭, রক্তে ৭২, শ্বাসতন্ত্রে ৭৩ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ। আইসিইউতে তা ৯০ শতাংশ, আর আইসিইউ রোগীদের রক্তের নমুনায় ৯৩ শতাংশ। এ প্রসঙ্গে জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেছেন, ‘আইসিইউর এই চিত্রকে এমন একটি রোগ হিসেবে বিবেচনা করতে হবে, যার চিকিৎসা খুবই কঠিন। এটি মহামারি ঘটাতে সক্ষম। তিনি আরও বলেছেন, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। পরীক্ষা মাধ্যমে রোগ নির্ণয়ের পরই কেবল অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে পরীক্ষাগারে শনাক্ত প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের একটিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ দেখা গেছে। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে দ্বিগুণের বেশি হয়েছে। ২০২২ সালেও ব্যবহারের হার আন্তর্জাতিক তুলনামূলক গড়ের অনেক ওপরে ছিল। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন, সামান্য অসুস্থতায় শক্তিশালী ওষুধ গ্রহণ, প্রয়োজনের আগেই চিকিৎসা বন্ধ করা এবং ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রবণতা এ সংকটকে তীব্র করছে।
উদ্বেগের বিষয়, হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে বহু ওষুধ প্রতিরোধী জীবাণুর সংক্রমণ চিকিৎসাকে কঠিন করে তুলছে। রোগীকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে, বাড়ছে চিকিৎসার ব্যয় এবং মৃত্যুঝুঁকি। বিশেষত নবজাতক, বয়স্কব্যক্তি, ক্যানসার আক্রান্ত ও অস্ত্রোপচার করা রোগীরা বেশি ঝুঁকিতে রয়েছেন। অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেলে শুধু সংক্রমণের চিকিৎসাই নয়, অস্ত্রোপচার, অঙ্গ প্রতিস্থাপন ও ক্যানসারের চিকিৎসাও জটিল হয়ে পড়বে।
বলা বাহুল্য, এ ধরনের সংকট মোকাবিলায় বাংলাদেশে নীতিগত উদ্যোগ নেই, এমন নয়। ২০২৩-২০২৮ মেয়াদের জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা রয়েছে। রোগজীবাণুর প্রতিরোধক্ষমতা পর্যবেক্ষণে নজরদারি কার্যক্রমও চলছে। কিন্তু পরিকল্পনা প্রণয়নই যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে কঠোর হতে হবে। নিয়মিত বাজার তদারকি, আইন লঙ্ঘনে শাস্তি এবং ফার্মেসি ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে জীবাণু শনাক্তকরণ ও ওষুধের কার্যকারিতা পরীক্ষার (কালচার ও সেনসিটিভিটি) সুযোগ বাড়াতে হবে। আমাদের বিশ্বাস, এতে অনুমাননির্ভর চিকিৎসার বদলে সঠিক ওষুধ ব্যবহারের পথ তৈরি হবে।
চিকিৎসকদেরও অ্যান্টিবায়োটিক ব্যবহারে প্রমাণভিত্তিক নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন। হাসপাতালগুলোতে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি প্রাণিসম্পদ ও কৃষিতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে হবে। কেননা মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর দেহেও প্রতিরোধী জীবাণুর বিস্তার ঘটতে পারে। এ ক্ষেত্রে ‘ওয়ান হেলথ’ বা সমন্বিত স্বাস্থ্য দৃষ্টিভঙ্গি অপরিহার্য।
সর্বোপরি জনসচেতনতায় নজর দিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ নয়, অন্যের ব্যবস্থাপত্র অনুসরণ নয় এবং অবশিষ্ট ওষুধ নিজে থেকে সেবন নয়Ñ এ বার্তা সর্বস্তরে পৌঁছাতে হবে। মনে রাখতে হবে, অ্যান্টিবায়োটিক ব্যক্তিগত সম্পদ নয়, এটি সবার জন্য সংরক্ষণের একটি জীবনরক্ষাকারী সম্পদ। এর যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী দিনে চিকিৎসাবিজ্ঞানের বহু অর্জনই অর্থহীন হয়ে পড়তে পারে। তাই এএমআর প্রতিরোধে এখনই সমন্বিত, ধারাবাহিক ও জবাবদিহিমূলক পদক্ষেপ নিতে হবে।