× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা: জীবাণুর প্রতিরোধক্ষমতার আড়ালে ওষুধের গুণগত মানের প্রশ্ন

ড. মো. সহিদুজ্জামান

প্রকাশ : ৪০ মিনিট আগে

ড. মো. সহিদুজ্জামান

ড. মো. সহিদুজ্জামান

‘এই অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না, জীবাণু রেজিস্ট্যান্ট হয়ে গেছে’—চিকিৎসক, রোগী, খামারি কিংবা সাধারণ মানুষের আলোচনায় এমন কথা প্রায়ই শোনা যায়। কোনো রোগী অ্যান্টিবায়োটিক সেবনের পরও সুস্থ না হলে কিংবা কোনো খামারে অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরও রোগ নিয়ন্ত্রণে না এলে অনেক সময়ই ধরে নেওয়া হয় যে জীবাণু ওষুধটির বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা অর্জন করেছে। নিঃসন্দেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। কিন্তু প্রতিটি চিকিৎসা ব্যর্থতার দায় কি শুধুই জীবাণুর?

আমরা কি কখনো প্রশ্ন তুলেছি-যে অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা হচ্ছে, সেটিতে ঘোষিত পরিমাণের সক্রিয় উপাদান (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই) যথাযথভাবে রয়েছে কি না? ওষুধটি সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করা হয়েছে কি না? এর গুণগত মান, কার্যকারিতা এবং শরীরে শোষিত হওয়ার সক্ষমতা কি যথাযথভাবে নিশ্চিত করা হয়েছিল?

একটি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা নির্ভর করে একাধিক বিষয়ের ওপর। জীবাণুর প্রতিরোধক্ষমতা যেমন একটি বড় কারণ, তেমনি ওষুধের গুণগত মান, সঠিক মাত্রা, প্রয়োগপদ্ধতি, সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার যথাযথ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। ফলে প্রতিটি চিকিৎসা ব্যর্থতাকে কেবল এএমআরের ফল হিসেবে বিবেচনা করা যেমন বৈজ্ঞানিকভাবে যথার্থ নয়, তেমনি ওষুধের গুণগত মানের মতো মৌলিক বিষয়কে উপেক্ষা করাও দায়িত্বশীলতার পরিচয় হতে পারে না।

বাংলাদেশে এএমআর এখন জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগ। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ, ভুল মাত্রায় প্রয়োগ এবং চিকিৎসার নির্ধারিত মেয়াদ পূর্ণ না করা—এসবই এএমআর বৃদ্ধির অন্যতম কারণ। তবে একটি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কেবল তার নাম বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিচয়ের ওপর নির্ভর করে না; বরং ওষুধে সঠিক পরিমাণে সক্রিয় উপাদান থাকা অপরিহার্য। এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় রয়েছে। অ্যান্টিবায়োটিকের মাত্রা অপর্যাপ্ত হলে অনেক সময় জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় ওষুধের ঘনত্ব তৈরি হয় না। এতে চিকিৎসা ব্যর্থ হওয়ার পাশাপাশি প্রতিরোধী জীবাণু তৈরি হওয়ার ঝুঁকিও থেকে যায়। তবে নিম্নমানের ওষুধই সরাসরি এএমআর তৈরি করছে—এমন সরল সিদ্ধান্ত বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। কারণ, এএমআর একটি বহুমাত্রিক সমস্যা; যেখানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ওষুধের গুণগত মান, জীবাণুর জিনগত বৈশিষ্ট্য, সংক্রমণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত বিষয়গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশের মতো দেশে বিষয়টির গুরুত্ব আরও বেশি। কারণ, এখানে মানুষ ও প্রাণী—উভয় ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার রয়েছে। অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতা শুধু চিকিৎসার ব্যর্থতাই নয়; এর সঙ্গে মানুষের জীবন, খামারির অর্থনৈতিক ক্ষতি, খাদ্যনিরাপত্তা এবং জাতীয় জনস্বাস্থ্য সরাসরি জড়িত। তাই এএমআর মোকাবিলার পাশাপাশি আমাদের একটি মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে—আমরা কি জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য মানসম্মত ও কার্যকর অ্যান্টিবায়োটিক নিশ্চিত করতে পারছি?

বাংলাদেশের ওষুধের গুণগত মান নিয়ে প্রকাশিত গবেষণায় কিছু ওষুধের ক্ষেত্রে নির্ধারিত মানের ব্যত্যয় ঘটার প্রমাণ পাওয়া গেছে (ওরুভু ও অন্যান্য, ২০২২; ফারুক ও অন্যান্য, ২০১৭)। এসব তথ্য দেশের বাজারে থাকা অ্যান্টিবায়োটিকের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত বাজার পর্যবেক্ষণ ও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থার প্রয়োজনীয়তাকেই তুলে ধরে, যা নিশ্চিতভাবেই উদ্বেগের বিষয়। তবে এসব গবেষণার ফল দিয়ে দেশের সব অ্যান্টিবায়োটিক কিংবা বর্তমান বাজারের সামগ্রিক মান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। বিশেষ করে প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত ভেটেরিনারি অ্যান্টিবায়োটিকের গুণগত মান নিয়ে আরও প্রতিনিধিত্বমূলক গবেষণা প্রয়োজন।

আমাদের করণীয়

বাজারে প্রচলিত অ্যান্টিবায়োটিকের গুণগত মান নিয়মিত ও বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করতে হবে। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের একই জেনেরিকের ওষুধের নমুনা সংগ্রহ করে এইচপিএলসি পরীক্ষার মাধ্যমে সক্রিয় উপাদানের পরিমাণ (এপিআই কনটেন্ট), দ্রবীভূত হওয়ার সক্ষমতা এবং প্রয়োজনীয় অণুজীবঘটিত কার্যকারিতা যাচাই করা যেতে পারে।

মানবস্বাস্থ্য ও প্রাণিসম্পদ- উভয় খাতেই অ্যান্টিবায়োটিকের গুণগত মান পর্যবেক্ষণ জোরদার করতে হবে। এ ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ), প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা জরুরি।

কেবল অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানোর প্রচারণাই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজনের সময় রোগী ও খামারিরা যেন কার্যকর, নিরাপদ ও মানসম্মত ওষুধ পান, তা নিশ্চিত করতে হবে।

‘এক স্বাস্থ্য’ বা ওয়ান হেলথ ধারণার আওতায় মানুষ, প্রাণী, খাদ্য ও পরিবেশ থেকে সংগৃহীত জীবাণুর এএমআর পর্যবেক্ষণের তথ্যের সঙ্গে ওষুধের গুণগত মানের তথ্যও যুক্ত করতে হবে। এতে সামগ্রিক সমস্যার প্রকৃত চিত্র বোঝা সহজ হবে।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াইয়ে জীবাণুর প্রতিরোধক্ষমতা নিয়ে গবেষণা যেমন জরুরি, তেমনি যে অস্ত্র দিয়ে আমরা জীবাণুর বিরুদ্ধে লড়ছি, সেই ওষুধের গুণগত মান নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। প্রশ্নটি তাই শুধু অ্যান্টিবায়োটিকের ব্যবহার কতটা কমানো যায়, তাতেই সীমাবদ্ধ নয়; বরং আমরা যে ওষুধটি ব্যবহার করছি, সেটি তার ঘোষিত মান ও কার্যকারিতা বজায় রাখছে কি না, তাও নিশ্চিত করতে হবে। বাংলাদেশের এএমআর নিয়ন্ত্রণ কৌশলে এখন এই প্রশ্নটিকে যথাযথ গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

লেখক: অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; ওয়ান হেলথ ও ক্লাইমেট স্মার্ট গবেষক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা