× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অযৌক্তিক ব্যবহারে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক

হাসনাত শাহীন

প্রকাশ : ১৫ মিনিট আগে

অযৌক্তিক ব্যবহারে কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক

একসময় যে সংক্রমণ সারাতে একটি অ্যান্টিবায়োটিকই যথেষ্ট ছিল, ভবিষ্যতে সেই সংক্রমণই হয়তো কেড়ে নিতে পারে মানুষের জীবন। সামান্য ক্ষত, প্রস্রাবের সংক্রমণ কিংবা সাধারণ নিউমোনিয়াও হয়ে উঠতে পারে প্রাণঘাতী। কারণ জীবন বাঁচানোর অন্যতম প্রধান হাতিয়ার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ক্রমেই প্রতিরোধক্ষম হয়ে উঠছে রোগ সৃষ্টিকারী জীবাণু। একের পর এক অ্যান্টিবায়োটিক হারাচ্ছে কার্যকারিতা, চিকিৎসকের হাতে কমে আসছে চিকিৎসার বিকল্প। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। জীবন বাঁচানোর শেষ আশ্রয়স্থলেই অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে কার্যকর ওষুধের সংকট।

চিকিৎসাবিজ্ঞানে জীবাণুর ওষুধপ্রতিরোধী হয়ে ওঠার এই প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। এখনই এর লাগাম টানা না গেলে সাধারণ সংক্রমণের চিকিৎসাও কঠিন হয়ে পড়তে পারে। বাড়বে চিকিৎসার ব্যয়, হাসপাতালে অবস্থানের সময় ও মৃত্যুঝুঁকি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিতের দেওয়া তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ার কারণে মারা যাচ্ছেন। সাম্প্রতিক দুটি গবেষণাতেও উঠে এসেছে এই বিপদের ভয়াবহতা।

বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি কারণ মিলে পরিস্থিতি জটিল হচ্ছে। এর মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা, ভুল ওষুধ ও ভুল মাত্রায় সেবন এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতে এর অনিয়ন্ত্রিত ব্যবহার। যথাযথ রোগনির্ণয়ের সীমাবদ্ধতা ও হাসপাতালের দুর্বল সংক্রমণ নিয়ন্ত্রণব্যবস্থাও এর জন্য দায়ী। তবে এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে সরকারি হাসপাতালভিত্তিক একটি পাইলট কর্মসূচি। এতে ছয়টি হাসপাতালে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার ৭৩ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৫৯ দশমিক ৯ শতাংশে নেমেছে।

আইসিইউতে প্রতি ১০০ জীবাণুর ৯৩টিই প্রতিরোধী : রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিবেদন বলছে, দেশে সংক্রমণ ঘটানো জীবাণুর ৫৫ শতাংশই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর), অর্থাৎ একাধিক শ্রেণির অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধক্ষম। আইসিইউতে এ হার ৯৩ শতাংশ। সেখানে শনাক্ত প্রতি ১০০টি জীবাণুর ৯৩টিই একাধিক ওষুধকে হার মানাচ্ছে।

সংক্রমণ ঘটানো জীবাণুর ৭৮ শতাংশ গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া, যার মধ্যে ই. কোলাই ও কে. নিউমোনিয়া উল্লেখযোগ্য। ১৪টি অ্যান্টিবায়োটিক বিশ্লেষণে ১ হাজার ১১৮টি জীবাণু-ওষুধ ফলাফলের ৭৯৫টিতেই সংবেদনশীলতা ছিল ৬০ শতাংশ বা তার কম। সব নমুনা মিলিয়ে ৫২ শতাংশ ফলাফল ‘রেড জোনে’, অর্থাৎ সেখানে ওষুধের কার্যকারিতা অত্যন্ত কম বা ঝুঁকিপূর্ণ। নমুনাভেদে এ হার প্রস্রাবে ৪৬, মলে ৬৭, রক্তে ৭২, শ্বাসতন্ত্রে ৭৩ এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে ৮২ শতাংশ। আইসিইউতে তা ৯০ শতাংশ, আর আইসিইউ রোগীদের রক্তের নমুনায় ৯৩ শতাংশ।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আইসিইউর এই চিত্রকে এমন একটি রোগ হিসেবে বিবেচনা করতে হবে, যার চিকিৎসা খুবই কঠিন। এটি মহামারি ঘটাতে সক্ষম, এভাবেই ভাবতে হবে। তাই প্রথম কাজ হলো হাসপাতালে সংক্রমণ প্রতিরোধের সব নিয়মকানুন মেনে চলা। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। পরীক্ষা করেই কেবল অ্যান্টিবায়োটিক দিতে হবে, নয়তো অভিজ্ঞ চিকিৎসক দেবেন। এই সংস্কৃতি গড়ে তোলা দরকার।’

শক্তিশালী অ্যান্টিবায়োটিকেও ভরসা কমছে : আইইডিসিআরের প্রতিবেদন অনুযায়ী, টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফির বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিনের কার্যকারিতা মাত্র ২২ শতাংশ। আমাশয়ের জীবাণু শিগেলার বিরুদ্ধে তা মাত্র ৯ শতাংশ। ই. কোলাই ও কে. নিউমোনিয়ার বিরুদ্ধে তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের কার্যকারিতা ২৬ থেকে ৫৫ শতাংশ, আর আইসিইউতে তা ১০ শতাংশের নিচে। গুরুতর সংক্রমণে ব্যবহৃত কার্বাপেনেম গ্রুপের ইমিপেনেম ও মেরোপেনেম আইসিইউতে গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মাত্র ৪ থেকে ৩৩ শতাংশ কার্যকর। শেষ ভরসা কলিস্টিনের কার্যকারিতা এখনো ৮৮ থেকে ৯৭ শতাংশ। তবে অ্যাসিনেটোব্যাক্টরের ক্ষেত্রে পরীক্ষিত ১৩টি অ্যান্টিবায়োটিকের ১২টিই অকার্যকর পাওয়া গেছে।

একই চিত্র উঠে এসেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’-এ। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫০ হাজার ৮৪৪টি নমুনা বিশ্লেষণ করা হয়, যার ১৩ হাজার ২৫১টিতে ব্যাকটেরিয়া পাওয়া যায়। এক বছরে কার্বাপেনেম প্রতিরোধী প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর হার ২৮ দশমিক ২ থেকে বেড়ে ৩৬ দশমিক ২ শতাংশ হয়েছে। ক্লেবসিয়েলার ক্ষেত্রে এ হার ২৭ দশমিক ৬ থেকে বেড়ে ৪০ শতাংশ এবং ই. কোলাইয়ের ক্ষেত্রে ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশ হয়েছে। অ্যাসিনেটোব্যাক্টর ও সিউডোমোনাসে প্রতিরোধের হার যথাক্রমে ৫৭ দশমিক ৫ ও ৫২ দশমিক ১ শতাংশ। আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টরের বিরুদ্ধে ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে কার্বাপেনেম অকার্যকর। মূত্রের নমুনায় ই. কোলাইয়ের ৯২ দশমিক ২ শতাংশই সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। দুই গবেষণার বার্তা একটাই, এটি আর বিচ্ছিন্ন কোনো হাসপাতালের সমস্যা নয়, জাতীয় জনস্বাস্থ্যের জন্য বিপদ সংকেত।

 

অযৌক্তিক ব্যবহারে বাড়ছে ঝুঁকি : জীবাণুর এই প্রতিরোধক্ষমতার মূলে রয়েছে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার, যা ওষুধের দোকান থেকে খাদ্যচক্র পর্যন্ত বিস্তৃত। আইইডিসিআরের প্রতিবেদনে ১৯ হাজার ৩৮৬টি ব্যবহারের রেকর্ড বিশ্লেষণে দেখা গেছে, ব্যবস্থাপত্রের ৭৫ শতাংশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার শ্রেণিবিন্যাসের ‘ওয়াচ’ গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেগুলোতে প্রতিরোধ তৈরির ঝুঁকি বেশি। সাধারণ সংক্রমণের প্রথম সারির চিকিৎসার জন্য নির্ধারিত ‘অ্যাকসেস’ গ্রুপের ওষুধ ছিল মাত্র ১৬ শতাংশ। আইসিইউতে মেরোপেনেমের ব্যবহার ৩১ শতাংশ, আর সাধারণ ওয়ার্ডে সেফট্রিয়াক্সোনের ব্যবহার ৩৯ শতাংশ।

তবে সমস্যার শিকড় হাসপাতালের চেয়েও গভীরে বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘দেশে যত অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়, তার কত অংশ রেজিস্টার্ড চিকিৎসকরা লেখেন আর কত অংশ ওষুধের দোকানদার বা হাতুড়ে চিকিৎসকেরা বিক্রি করেন, সেই হিসাবই এখনও হয়নি। আমার ধারণা, দোকানদার ও লোকাল মেডিকেল প্র্যাকটিশনারদের মাধ্যমেই বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়।’

তিনি আরও বলেন, ‘এএমআর নিয়ে আলোচনায় কৃষি খাতের অ্যান্টিবায়োটিক ব্যবহার প্রায়ই উপেক্ষিত থাকে। অথচ বিশ্বে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের ৭০ থেকে ৭৫ শতাংশই যায় কৃষি ও প্রাণিসম্পদ খাতে। গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ ও ফসল উৎপাদনে ব্যবহৃত এসব ওষুধের অবশিষ্টাংশ মাটি, পানি ও খাদ্যচক্রের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এটি বৈশ্বিক চিত্র; বাংলাদেশও এ ঝুঁকির বাইরে নয়।’

তার মতে, ব্রিটিশ আমলের ‘ওষুধের দোকান’ ধারণা থেকে বেরিয়ে আধুনিক ‘ফার্মেসি’ ধারণায় যেতে হবে। তিনি বলেন, ‘ফার্মেসিতে একজন লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসিস্ট রোগীকে বুঝিয়ে দেন কোন ওষুধ কোন মাত্রায় কীভাবে খেতে হবে এবং পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে। দোকানের সংখ্যা কমিয়ে এলাকাভিত্তিক ফার্মেসি গড়ে তুলতে হবে। লাইসেন্সবিহীন কেউ অ্যান্টিবায়োটিক বিক্রি করলে বা প্রেসক্রিপশনে লিখলে তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে চিকিৎসকদের ব্যবস্থাপত্র নিরীক্ষা করে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কি না তা শনাক্ত করতে হবে।’

কোন জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক কার্যকর, তা জানতে কালচার অ্যান্ড সেনসিটিভিটি পরীক্ষা জরুরি। এ কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উপজেলা পর্যন্ত সব সরকারি ও বেসরকারি পরীক্ষাগারে এ পরীক্ষার মান নিয়ন্ত্রণ এবং সহজলভ্যতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

আশার আলো দেখাচ্ছে পাইলট কর্মসূচি : বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার নেতৃত্বে এবং আর্ক ফাউন্ডেশনের সহযোগিতায় রংপুর ও কুমিল্লা জেলার ছয়টি সরকারি হাসপাতালে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ (এএমএস) কার্যক্রম পরিচালিত হয়। এতে ছিল দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুটি জেলা বা জেনারেল হাসপাতাল ও দুটি মেডিকেল কলেজ হাসপাতাল। শুরুতে ১ হাজার ৪৬৭ জন এবং শেষ পর্যায়ে ৯৭৯ জন ভর্তি রোগীর তথ্য পর্যালোচনা করা হয়।

পাইলটের ফলাফলে দেখা যায়, হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার ৭৩ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৫৯ দশমিক ৯ শতাংশে নেমেছে। ছয়টি হাসপাতালে ১৫০ জনের বেশি চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়। গঠন করা হয় এএমএস কমিটি। পাশাপাশি চিকিৎসা নির্দেশিকা বিতরণ, নিয়মিত পর্যালোচনা সভা ও মাসিক ব্যবস্থাপত্র নিরীক্ষা করা হয়। তবে সামগ্রিক ব্যবহার কমলেও ‘ওয়াচ’ গ্রুপের অ্যান্টিবায়োটিকের ব্যবহার ৬০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৭০ দশমিক ২ শতাংশ হয়েছে। এর পেছনে ‘অ্যাকসেস’ গ্রুপের ওষুধের অপর্যাপ্ত সরবরাহ ও পরীক্ষাগারের সীমাবদ্ধতাকে দায়ী করা হয়েছে।

আর্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. রুমানা হক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নেতৃত্ব এবং হাসপাতালগুলোর চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্টদের সক্রিয় অংশগ্রহণেই এ ফল সম্ভব হয়েছে। জাতীয় এএমআর কৌশল ও কর্মপরিকল্পনায় হাসপাতালভিত্তিক স্টুয়ার্ডশিপের কথা রয়েছে। পাইলটের মাধ্যমে মাঠপর্যায়ে তা বাস্তবায়নের কার্যকারিতা যাচাই করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে অন্যান্য হাসপাতালেও এ কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব।

তবে এই সম্প্রসারণ যেন দাতানির্ভর না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সব কাজ সরকারের রাজস্ব বাজেট থেকে করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থ শেষ হলে কাজও থেমে যাবে। আমরা উন্নয়নশীল দেশে উত্তরণ করছি, তাই এই অর্থ হয়তো আফ্রিকায় চলে যাবে। এ কারণে স্টুয়ার্ডশিপ কার্যক্রম সরকারকে নিজস্ব উদ্যোগে, মহামারি প্রতিরোধের কার্যক্রম হিসেবে জোর দিয়ে চালাতে হবে।’

খণ্ডিত নয়, চাই সমন্বিত উদ্যোগ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত গত ২৫ নভেম্বর জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে শক্তিশালী করা হচ্ছে। ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে জনবল ও সাংগঠনিক কাঠামো সম্প্রসারণের কাজ চলছে। মেডিকেল, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমেও সংক্রমণ প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু স্বাস্থ্য খাতের উদ্যোগে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, স্থানীয় সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকেও যুক্ত করতে হবে। হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের সরবরাহ নিশ্চিত করা, ব্যবস্থাপত্র নিরীক্ষা এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বন্ধÑ সব ক্ষেত্রেই একযোগে কাজ করতে হবে।

মানুষ, প্রাণিসম্পদ, কৃষি ও পরিবেশকে যুক্ত করে ‘ওয়ান হেলথ’ পদ্ধতিতে জাতীয় এএমআর কৌশল ও কর্মপরিকল্পনা ২০২৩-২৮ বাস্তবায়ন এবং পাইলট কর্মসূচির অভিজ্ঞতায় অন্যান্য হাসপাতালে এএমএস সম্প্রসারণের তাগিদ দিয়েছেন তারা। কারণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারানো মানে শুধু একটি ওষুধ অকার্যকর হওয়া নয়; এর অর্থ সংক্রমণের বিরুদ্ধে মানুষের চিকিৎসার সক্ষমতা ক্রমেই সংকুচিত হওয়া। এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া না গেলে জীবন বাঁচানোর অন্যতম নির্ভরযোগ্য অস্ত্রটিই একদিন মানুষের হাতছাড়া হয়ে যেতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা