ঢাকা কলেজ। ফাইল ছবি
ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার আরেক শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক (শিশু) হওয়ায় তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রবিবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।
কারাগারে যাওয়া দুই শিক্ষার্থী হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। অন্যদিকে শিশু হওয়ায় অপর শিক্ষার্থীকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেয় ঢাকার শিশু আদালত-২।
আদালত সূত্র জানায়, গ্রেপ্তারের পর এদিন তিন শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী দুই আসামিকে কারাগারে এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২১ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের ভেতরে ‘বিজয়-২৪ হল’ ও ‘নর্থ হল’-এর মাঝামাঝি জায়গায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বেরিয়ে এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত ছাত্ররা তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান। খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ এসে ছাত্রদের হাত থেকে তাদের নিজেদের হেফাজতে নেয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জন আসামি পরস্পর যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং তাদের জীবন ও হলের সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখানোসহ জীবন ও সম্পত্তির ক্ষতিসাধনের চেষ্টা চালানো হয়।