খুলনা অফিস
প্রকাশ : ১৫ মিনিট আগে
বুধবার রাত পৌনে ৯টার পর কয়েক মিনিটের ব্যবধানে জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে, ইনশেটে বিস্ফোরিত ককটেল। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশষ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার পর এবার জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার রাত পৌনে ৯টার পর কয়েক মিনিটের ব্যবধানে গুরুত্বপূর্ণ দুটি স্থাপনার পাশে এসব বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, প্রথমে জেলা জজ আদালত ভবনের বারান্দায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেলটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। আদালতের নিরাপত্তাকর্মী এস এম মুরাদ আহমেদ জানান, ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আদালতের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
এর কয়েক মিনিট পর আদালতসংলগ্ন সার্কিট হাউস মাঠে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। মাঠের মাঝামাঝি এবং সার্কিট হাউসের সীমানাপ্রাচীরের পাশে বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় টাউন ক্লাব ও পাশের চায়ের দোকানে অবস্থানরত লোকজন ছুটে আসেন। কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করতেও দেখা যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এক প্রত্যক্ষদর্শী জানান, তারা চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে টায়ার বিস্ফোরণ হয়েছে বলে মনে করেছিলেন। পরে কয়েকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। টাউন ক্লাবের ভেতর থেকেও লোকজন বাইরে বেরিয়ে আসেন।
খবর পেয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে বিস্ফোরণে ব্যবহৃত বস্তু এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ঘটনার খবর পেয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ ইস্তিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে তাঁরা আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন।
ওসি মো. লোকমান হোসেন বলেন, “জজকোর্ট ও সার্কিট হাউস এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণগুলো ঘটার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ বিষয়টি জানতে পারে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি”।
এর আগে গত ১৫ নভেম্বর দিবাগত রাতে খুলনা নগর ভবনেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে একের পর এক বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।