× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ দিনে ৫১ যানবাহনে আগুন, ৫৯ স্থানে ককটেল বিস্ফোরণ

ডিসেম্বরের নাশকতার ছক, পুলিশ সতর্ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৪৫ মিনিট আগে

আপডেট : ৪৪ মিনিট আগে

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশজুড়ে নাশকতার ঘটনা বাড়তে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। গত ১০ দিনে সারা দেশে ৫১টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নাশকতার ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। এই পরিস্থিতি মোকাবিলায় এবং নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা জানান, নাশকতা ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি পর্যবেক্ষণ, সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চলছে। এ ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতাও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতিটি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নাশকতার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক পদক্ষেপের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাসকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে এসব তথ্য উদ্ঘাটিত হয়েছে।

কর্মকর্তাদের ভাষ্য, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের। একই সঙ্গে ঢাকায় বড় ধরনের জমায়েতের প্রস্তুতির তথ্যও পাওয়া গেছে। এসব পরিকল্পনা মোকাবিলায় পুলিশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বর মাসে তার দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি প্রচার করছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০

নাশকতার আশঙ্কায় রাজধানীতেও অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে মশাল, ককটেল ও লাঠিসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায়ও (গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক সদস্যসহ ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা