চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ফাইল ফটো
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন প্রকাশ ডেভিড ইমনের পৃথক দুটি মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত রবিবার এই আদেশ দেন।
এ দিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডেভিড ইমনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বলেন, “সন্ত্রাসী ইমনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা একটি হত্যা ও একটি অস্ত্র মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয় মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ইমনের পাশাপাশি অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া তার চার সহযোগী মো. মিঠু ওরফে ধামা ইলিয়াছ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আল ইসলাম আলিফকেও ৫ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। এছাড়া হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় ইমনকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।
গত বুধবার সকালে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।