ফরহাদ সুমন, চট্টগ্রাম
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১১:০৩ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১১:০৫ এএম
জ্বলজ্যান্ত আতঙ্কÑ ডেভিড ইমন দেশের বাইরে ভারতে আবার আজাহার খান নামে পরিচিতি। ওখানকার আধার কার্ডে তার নাম এটাই। ছবি: সংগৃহীত
কাঞ্চননগর থেকে সাইকেলে চড়ে এসে অনুশীলন করতেন ফটিকছড়ি কলেজ মাঠে। পরে অক্সিজেনে খালার বাসায় থেকে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছেন। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। অনুশীলন করতেন কাজীর দেউড়ি স্টেডিয়ামে; একসময়ের সম্ভাবনাময় স্থানীয় ক্রিকেটার মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এখন চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের পরিচিত নাম। জ্বলজ্যান্ত আতঙ্কÑ ডেভিড ইমন দেশের বাইরে ভারতে আবার আজাহার খান নামে পরিচিতি। ওখানকার আধার কার্ডে তার নাম এটাই।
আধার কার্ড হলো আধার ভারতের বাসিন্দাদের জন্য ১২ সংখ্যার একটি বিশেষ পরিচয় নম্বর ও কার্ড। এটি পরিচালনা করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI)। এটি নাগরিকত্ব বা ডোমিসাইলের প্রমাণপত্র নয়, তবে একটি শক্তিশালী পরিচয় ও বাসস্থানের বৈধ প্রমাণ। ডেভিড ইমনের ভারতীয় আধার কার্ডে ১২ সংখ্যার বিশেষ নম্বরটি (১২৩৪৫৬৭৮৯০১২) জন্ম দিয়েছে কৌতূহলের।
চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট সংলগ্ন জেলা পুলিশ সুপার কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ডেভিড ইমনের আধার কার্ডের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি বলেন, সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন যোগাযোগ রক্ষায় ব্যবহার করতেন বিদেশি সিম ও মোবাইল ফোনের বিশেষ অ্যাপস। পাওয়া গেছে তার ভারতীয় আধার কার্ডও।
নগরের রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর কলেজে ভর্তি হলেও এইচএসসি পরীক্ষা দেননি ইমন। ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তার বাবা মো. মুসা ওমানপ্রবাসী ছিলেন। কয়েক বছর আগে মারা গেছেন।
ডেভিড ইমনের সহপাঠীরা জানান, ইমন একসময় চট্টগ্রামের কাজীর দেউড়ি স্টেডিয়াম ও ব্রাদার্স একাডেমিতে প্রশিক্ষণ নেন। তিনি বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার ও ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। জাতীয় দল বা বিদেশি দলের অনুশীলনে নেটে বল করতেন। করোনা মহামারির পর ২০২০ সালে তিনি ক্রিকেট থেকে দূরে সরে যান। হাসনাত নামের একজন বলেন, কখনও ভাবিনি যে মোবারক হোসেন ইমন ডেভিড ইমন নামে আত্মপ্রকাশ করবে।
চট্টগ্রাম ব্রাদার্স একাডেমির সাবেক কোচ আমিনুল হক বলেন, ইমন খুবই ভালো ক্রিকেট খেলত। তার ভালো সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করেই খেলা থেকে উধাও হয়ে গেছে।
তথ্যসূত্র বলছে, ২০২০ সালে করোনার পর তিনি পুরোপুরি ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০২২ সালে ওমানে যান ইমন। বছরখানেক পর দেশে ফিরে আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। তখন নগরের বায়েজিদ বোস্তামী এলাকার আতুরার ডিপো এলাকায় অবস্থান শুরু করেন। সেখানেই শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়।
পুলিশের ভাষ্য, ৫ আগস্টের পর নগরের অক্সিজেন এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ইমনের সক্রিয় অংশগ্রহণ তাকে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নজরে আনে। বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ। ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যার ঘটনায় আলোচিত হন মোবারক হোসেন ইমন। তার বিরুদ্ধে কমপক্ষে ১৫টি মামলা রয়েছে।
পুলিশ বলছে, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবির জন্য বেশি ফোন করতেন ইমন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, লোকজনকে ফোনে ইমন এমনভাবে কথা বলেন, মানুষ খুব সহজে ভয় পেয়ে যায়। অস্ত্রও ভালো চালাতে পারেন তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মো. মাসুদ আলম বলেন, যখন ডেভিড ইমনকে গ্রেপ্তার অভিযান চলছিল, ঠিক একই সময়ে চট্টগ্রামের আরেক কুখ্যাত ও শীর্ষ সন্ত্রাসী রায়হান নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবস্থান করছিলেন। আমাদের আরেকটি টিম নোয়াখালীতে অবস্থান করছিল। টিভি স্ক্রলে যখন আসে ‘শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার’, তখন আমাদের ওই টিম দ্রুত অভিযান পরিচালনা করে। কিন্তু বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান রায়হান।
ইমন, রায়হানের ওপর পুলিশের নজরদারি ছিল জানিয়ে এসপি মাসুদ আলম আরও বলেন, ইমন ও রায়হানের ওপর আমাদের নজরদারি ছিল। ডেভিড ইমন গ্রেপ্তারের পর বিষয়টি প্রচার হয়ে যাওয়ায় অপারেশনের পরবর্তী কার্যক্রমগুলো কঠিন হয়ে পড়ে। তাদের হোয়াটসঅ্যাপ তদারকি করে আমরা তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়াই। ইমনের অবস্থান জানতে পেরে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার সময় দাউদকান্দি এলাকায় ইমনকে আটক করার চেষ্টা করে পুলিশ, তবে সেই চেষ্টা সফল হয়নি। এরপর ঢাকায় তারা গাড়ি বদল করেন, এমনকি তাদের গাড়িচালক পর্যন্ত পরিবর্তন করে ফেলেন। পরে আমাদের কাছে খবর আসে ইমন খুলনার দিকে যাবেন। আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করি। মুন্সীগঞ্জের পুলিশ সহায়তা করে। কিন্তু আমাদের ব্যাডলাক, আমরা ওই সময়ও তাকে ধরতে পারিনি।
এসপি মাসুদ বলেন, বারবার ইমন হাতছাড়া হওয়ার পরও আমরা হাল ছাড়িনি। যশোর পুলিশের সহায়তায় ঝুমঝুমপুর এলাকায় আমরা ডেভিড ইমন ও তার আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ঝিকরগাছা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার কথা ছিল ডেভিড ইমনের। কে সীমান্ত পার করবেন এবং ভারতে কে রিসিভ করবেন, সব ঠিক করা ছিল। এমনকি তার কাছে আধার কার্ড পাওয়া গেছে, যেটা ভারতে ব্যবহার করার কথা ছিল।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফটিকছড়ি থানার একটি হত্যা মামলা ও দুটি অস্ত্র আইনের মামলাসহ মোট তিনটি মামলায় ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মহানগরের মামলায়ও ডেভিড ইমনকে জেলা পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।