চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৬:২৪ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৬:২৪ পিএম
ভারতে পালানোর সময় যশোরে চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৪। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভারতের সীমান্ত পাড়ি দেওয়ার সময় চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বুধবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালী থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন—আল ইসলাম অলিফ তমাল, শামিম ও সাফায়েত। ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, চট্টগ্রামের আলোচিত এই ‘সন্ত্রাসী’কে ধরার জন্য আগে থেকেই বিভিন্ন স্থানে তথ্য দেওয়া ছিল। যশোর ইমিগ্রেশন অফিস থেকে মঙ্গলবার তথ্য পাওয়ার পর চট্টগ্রাম জেলা পুলিশ তাকে শনাক্ত করে। পরবর্তীতে যশোর জেলা পুলিশের সহায়তায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে ডিডিএনের মালিকের কাছে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ডেভিড ইমন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকার ডিডিএন কার্যালয়ে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা অফিসের কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং কর্মীদের ভয়ভীতি দেখায়।
হামলাকারীরা অফিস থেকে নগদ ৪৭ হাজার টাকা এবং কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ও র্যাব এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে।
হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়—তারা সাধারণ অস্ত্র নিয়ে হামলা করেন না এবং তাদের হামলার ধরন পুরো চট্টগ্রামবাসী জানে। এই ঘটনার পর থেকেই ডেভিড ইমনকে গ্রেপ্তারে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।