× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশসহ প্রধান অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

আপডেট : ১০ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দরে নোঙর করা কনটেইনারবোঝাই একটি পণ্যবাহী জাহাজ। ৪ আগস্ট ২০২৫-এ তোলা ছবি। ছবি: রয়টার্স/কার্লোস ব্যারিয়া (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড বন্দরে নোঙর করা কনটেইনারবোঝাই একটি পণ্যবাহী জাহাজ। ৪ আগস্ট ২০২৫-এ তোলা ছবি। ছবি: রয়টার্স/কার্লোস ব্যারিয়া (ফাইল ছবি)

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে নিজ দল রিপাবলিকান পার্টির বড় পরাজয় সত্ত্বেও বাংলাদেশসহ প্রধান বাণিজ্যিক অংশীদার দেশগুলোর পণ্যের ওপর নতুন করে বড় পরিসরে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প প্রশাসনের এই আসন্ন সংরক্ষণবাদী পদক্ষেপের ফলে আবারও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খুব শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের ‘উদ্বৃত্ত শিল্প সক্ষমতা’ (এক্সেস ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি) মোকাবিলার অংশ হিসেবে এই শুল্ক আরোপ করা হচ্ছে। এই তদন্তের তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।

তদন্তের আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রতিবেদনে জানানো হয়, ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় গত মার্চ মাসে উদ্বৃত্ত সক্ষমতা সংক্রান্ত এই তদন্ত শুরু করে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। একই সঙ্গে ৫৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নে জোরপূর্বক শ্রমবিরোধী আইনের দুর্বল প্রয়োগ নিয়ে পৃথক আরেকটি তদন্ত শুরু করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক ‘মুক্তি দিবস’ (লিবারেশন ডে) সংক্রান্ত শুল্ক বাতিল করে দেয়। এরপর মূলত তা নতুন করে চালুর লক্ষ্যেই এই বিকল্প শুল্কের উদ্যোগ নেওয়া হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, নতুন এই শুল্কহার প্রতিটি দেশের জন্য আলাদাভাবে নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক বসার সম্ভাবনা নেই। এ ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পাদিত মার্কিন বাণিজ্য চুক্তি অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ শুল্কের সীমা বজায় রাখা হতে পারে। যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য সর্বোচ্চ ১৯ শতাংশ শুল্কসীমা নির্ধারিত রয়েছে।

এই তদন্তে ট্রাম্প প্রশাসন চীনকে উদ্বৃত্ত শিল্প সক্ষমতার সবচেয়ে বড় উৎস হিসেবে চিহ্নিত করেছে। তবে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার বিদ্যমান বাণিজ্য যুদ্ধবিরতি বহাল থাকা পর্যন্ত দেশটির ওপর শুল্কহার নির্ধারিত সীমার (২০ শতাংশ) মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আগামী বছরের ১০ জানুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে, তবে ডিসেম্বরে মিয়ামিতে জি-২০ সম্মেলনে দুই নেতার বৈঠকের পর তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বেইজিং বাণিজ্য যুদ্ধের বিরোধিতা করে ‘উদ্বৃত্ত সক্ষমতার’ অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।

মার্কিন শুল্ক আরোপের আশঙ্কায় বুধবার বিশ্ব শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে, যেখানে নাসডাক ফিউচার্স কমেছে ২ শতাংশের বেশি। বিশ্লেষকরা বলছেন, চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাদের পক্ষে ট্রাম্পের এই ‘শুল্ক প্রাচীর’ গুঁড়িয়ে দেওয়া সহজ হবে না।

আসন্ন এই শুল্ক ঘোষণার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইউএসটিআর ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা