× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এপির বিশ্লেষণ

এনভিডিয়ার শীর্ষে হুয়াংকে ফেরাতে ট্রাম্প কেন মরিয়া ছিলেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মিনিট আগে

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের হাতে ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ অক্টোবর ২০২৬। ছবি: এপি

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের হাতে ‘ন্যাশনাল মেডেল অব সায়েন্স’ তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৮ অক্টোবর ২০২৬। ছবি: এপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল করতে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত প্রভাব খাটানো ছাড়া আর কোনো উপায় দেখছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এআই খাতের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছেন। ফলে হুয়াংয়ের পদত্যাগের পর শেয়ারবাজারে ধস নামার বিষয়টি তাকে উদ্বিগ্ন করে তোলে। পাশাপাশি, এআই প্রযুক্তির এক অনন্য প্রতিভা হিসেবে পরিচিত হুয়াংকে যদি কোনো চীনা প্রতিষ্ঠান নিয়ে নেয়, তবে বেইজিংয়ের সঙ্গে প্রযুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়বে বলেও আশঙ্কা করছিলেন তিনি।

তিনটি বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর গত ১২ নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন জেনসেন হুয়াং। এর মধ্যে একটি সম্পর্ক ছিল সিঙ্গাপুরভিত্তিক ‘মেগাস্পিড’ প্রতিষ্ঠানের এক নারী নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে, যাকে মার্কিন কর্মকর্তারা চীনা গুপ্তচর হিসেবে সন্দেহ করেছিলেন। যদিও বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে। নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পরকীয়ার জেরে হুয়াংয়ের এভাবে ছিটকে পড়াকে ইতিবাচকভাবে নেননি ট্রাম্প।

সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানান, হুয়াংকে স্বপদে ফেরাতে তিনি এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প বলেন, “আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের বুঝিয়ে রাজি করিয়েছি।”

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংয়ের পদত্যাগের পরপরই জানিয়েছিল তারা তাকে ফেরানোর কথা ভাবছে না। তবে ট্রাম্পের চাপ এবং হাজারো মানুষের অনলাইন পিটিশনের পর পর্ষদ তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।

হুয়াং ট্রাম্পের এআইবিষয়ক উপদেষ্টা এবং তার একটি ‘বলরুম’ প্রকল্পের অন্যতম বড় আর্থিক অনুদানকারী ছিলেন। ট্রাম্প যুক্তি দেন, হুয়াং এনভিডিয়ার দায়িত্বে থাকলেই যুক্তরাষ্ট্র ও প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান হবে।

এদিকে এনভিডিয়ায় ট্রাম্পের নিজস্ব আর্থিক বিনিয়োগও রয়েছে। ২০২৬ সালের জুনে দাখিল করা আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ প্রতিষ্ঠানটিতে ট্রাম্পের ১২ দশমিক ৫ থেকে ৫৮ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার ছিল, যা ২০২৪ সালের শেষে ছিল ৬ লাখ ১৫ হাজার থেকে ১ দশমিক ৩ মিলিয়ন ডলার। তবে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল জানিয়েছেন, এই পোর্টফোলিও সম্পূর্ণ স্বাধীনভাবে কম্পিউটারভিত্তিক মডেলের মাধ্যমে পরিচালিত হয় এবং এতে ট্রাম্প বা তার পরিবারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নেই।

পর্ষদকে রাজি করাতে ট্রাম্পের পাশাপাশি কাজ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাতে জানা গেছে, সিলিকন ভ্যালিতে কাজের অভিজ্ঞতা থাকায় জেডি ভ্যান্স পর্ষদের সদস্যদের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে দূতের মতো কার্যকর ভূমিকা পালন করেন।

হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই প্রযুক্তিবিদ নিজের প্রতিষ্ঠান, দেশ ও পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া মার্কিন কর্মকর্তারা কোম্পানিটিকে আশ্বস্ত করেছেন যে হুয়াং কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি নন। ট্রাম্পের মতে, হুয়াংয়ের মাথায় থাকা অগাধ জ্ঞানের কারণেই এই কেলেঙ্কারিটি অন্য করপোরেট বিতর্কের চেয়ে আলাদা।

হুয়াংয়ের প্রত্যাবর্তনের খবরে সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ একলাফে ৪ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পায়। ট্রাম্প বরাবরই শেয়ারবাজারের উত্থান-পতনকে নিজের নেতৃত্বের সাফল্যের নির্দেশক হিসেবে বিবেচনা করে থাকেন।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অবকাঠামো উন্নয়নে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধু চলতি বছরেই ডেটা সেন্টার তৈরিতে প্রায় ৮০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ স্টিজন ভ্যান নিউয়েরবার্গের গবেষণা অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩২ সালের মধ্যে এই বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে ১০ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে, যা মার্কিন অর্থনীতির প্রায় ৩ দশমিক ৬ শতাংশ। ডেটা সেন্টার নির্মাণের কারণে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের মতো দক্ষ শ্রমিকদের মজুরি বাড়লেও সেমিকন্ডাক্টরের ব্যাপক চাহিদার কারণে স্মার্টফোন, ল্যাপটপ ও গেমিং স্টেশনের দাম বেড়ে মুদ্রাস্ফীতিকে উসকে দিচ্ছে।

বেসরকারি খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা পুরোনো হলেও হুয়াংকে ফিরিয়ে আনার এই হস্তক্ষেপে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় শিবিরের রাজনীতিবিদেরাই সমালোচনা করেছেন।

সাবেক হাউস স্পিকার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র নিউট গিংরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, চীনা গুপ্তচর সন্দেহে থাকা ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়টি মারাত্মক ভুল এবং বিশ্বের সবচেয়ে উন্নত চিপমেকার প্রতিষ্ঠানের দায়িত্বে তাকে ফেরানো নিয়ে সংশয় রয়েছে।

এদিকে রিপাবলিকান সিনেটর টিম স্কট জানিয়েছেন, আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটির সামনে জেনসেন হুয়াংকে সাক্ষ্য দিতে হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস এই সিদ্ধান্তকে ‘অসমর্থনযোগ্য, দায়িত্বজ্ঞানহীন ও অবোধগম্য’ বলে অভিহিত করেছেন। সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারও এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।

তবে যাবতীয় সমালোচনা সত্ত্বেও ট্রাম্প দাবি করেন, এই বিতর্ক চূড়ান্ত বিচারে হুয়াং ও সামগ্রিক এআই শিল্পের জন্য ইতিবাচক হতে পারে। ট্রাম্পের ভাষায়, এটি একদিক থেকে নেতিবাচক নজরে পড়লেও অন্যদিকে প্রমাণ করেছে যে এই প্রতিষ্ঠানটি এবং হুয়াং কতটা উন্নত ও অপরিহার্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা