প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মিনিট আগে
আপডেট : ১৬ মিনিট আগে
প্রতীকী ছবি
ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনা আরও বাড়লে তা মোকাবিলায় যৌথ সামরিক পরিকল্পনা প্রণয়নে সম্মত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
রবিবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ইস্তাম্বুল থেকে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, সেন্টকমের সঙ্গে যৌথ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করেছে যে যুদ্ধের সময়সীমা ‘ঘনিয়ে আসছে’। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সেন্টকম প্রধান ব্র্যাড কুপারের তেল আবিব সফরে ইরানে হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
ইসরায়েলি নিরাপত্তা মূল্যায়ন অনুযায়ী, সামরিক সতর্কতার মাত্রা বাড়ানো হলেও তাৎক্ষণিকভাবে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা সাম্প্রতিক দিনগুলোর চেয়ে বেশি নয়।
তবে চ্যানেল ১৩ জানায়, ইসরায়েলি বাহিনীর মতে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এ উত্তেজনার সূত্রপাত। এরপর তেহরান পাল্টা হামলা চালায়। পরবর্তীতে ১৮ জুন দুই পক্ষ সমঝোতা স্মারক সই করে আলোচনায় বসলেও হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে মতবিরোধে অগ্রগতি হয়নি; বরং জুলাই থেকে পুনরায় সংঘাত শুরু হয়।
এমন পরিস্থিতিতে গত বুধবার তেল আবিবে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানের সঙ্গে বৈঠক করেন ব্র্যাড কুপার। ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ জানায়, বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির ওপরই জোর দেওয়া হয়। এর আগে ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গেও ইরানের বিষয়ে বৈঠক করেন মোসাদপ্রধান।
এদিকে ইসরায়েলের বিরোধী জোট ‘চেঞ্জ ব্লক’-এর নেতা গাদি আইজেনকট অভিযোগ তুলেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে যুদ্ধ বাধানোর চেষ্টা করছেন। পরবর্তী সরকার গঠনের দায়িত্বে থাকা আইজেনকট ও তার মিত্রদের দাবি, জরুরি অবস্থা জারি করে জাতীয় ঐক্যের সরকার গঠনের মাধ্যমে মূলত নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন।
নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।