× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক সহায়তা গ্রহণে কলম্বিয়া সরকারের সমন্বয়হীনতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ০৯:৩৮ এএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ০৯:৪৫ এএম

কলম্বিয়ার কালিতে ভূমিকম্প আঘাত হানার দুদিন পর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন মেক্সিকোর এক উদ্ধারকর্মী। ছবি: রয়টার্স/এপি

কলম্বিয়ার কালিতে ভূমিকম্প আঘাত হানার দুদিন পর ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন মেক্সিকোর এক উদ্ধারকর্মী। ছবি: রয়টার্স/এপি

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধারকারী দল আসতে শুরু করলেও, সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কয়েক ঘণ্টায় কিছু দেশের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান বা সীমিত করার অভিযোগ উঠেছে দেশটির নতুন সরকারের বিরুদ্ধে।

সোমবার ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা প্রায় শেষের দিকে। উদ্ধারকারীরা বলছেন, এই সময় পার হওয়ার পর জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে যায়।

দেশটির নতুন রক্ষণশীল প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা শুক্রবার দায়িত্ব নেওয়ার পর এটিই তার সরকারের প্রথম বড় বিতর্ক হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন বলছে, ভূমিকম্পের পর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ কলম্বিয়াকে সহায়তার প্রস্তাব দেয়। এর আগে জুনে ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরও বিভিন্ন দেশ দ্রুত আন্তর্জাতিক উদ্ধারকারী দল পাঠিয়েছিল। তবে কলম্বিয়ার ক্ষেত্রে কয়েকটি প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়, আবার কিছু দলের সহায়তা সীমিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

রাজনৈতিক বিজ্ঞানী সান্দ্রা বোর্দা বলছেন, বর্তমান ও আগের সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় জটিলতার কারণেই দুর্যোগ মোকাবিলায় এই সমন্বয়হীনতা তৈরি হয়েছে। আগের সরকারের সঙ্গে নতুন সরকারের কোনো আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ছিল না। তার ওপর বুধবার পর্যন্ত জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের নতুন পরিচালকও নিয়োগ দেওয়া হয়নি।

ইউনিভার্সিদাদ দে লস আন্দেসের অধ্যাপক বোর্দা বলেন, “ক্ষমতা হস্তান্তর না থাকা এবং একই সময়ে এত বড় কর্মী পরিবর্তন হলে এ ধরনের সমন্বয়হীনতা তৈরি হওয়া স্বাভাবিক”।

মঙ্গলবার পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে। জাতিসংঘসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা জানায়, কলম্বিয়া সরকারের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সহায়তার কোনো অনুরোধ পায়নি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের মুখপাত্র ইয়েন্স লারকে বলেন, “কলম্বিয়া অনুরোধ জানালে জাতিসংঘ ব্যবস্থা ও মানবিক সহায়তা সংস্থাগুলো প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত”।

মেক্সিকোও কয়েক টন ত্রাণসামগ্রী ও ২৫৫ জন সামরিক সদস্যের একটি দল প্রস্তুত রেখেছিল। তবে কলম্বিয়ার আনুষ্ঠানিক অনুরোধ না পাওয়ায় তাদের পাঠানো সম্ভব হয়নি।

এদিকে কলম্বিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝু জিংইয়াং আন্তর্জাতিক সহায়তা সমন্বয়ের জন্য দ্রুত একটি সরকারি যোগাযোগব্যবস্থা চালুর আহ্বান জানান। তিনি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তার যোগাযোগের তথ্য দ্রুত প্রকাশের আহ্বান জানান।

তবে কয়েক ঘণ্টা পর আন্তর্জাতিক সহায়তা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।


এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে মঙ্গলবার বিকেলে জানান, তার দেশ কলম্বিয়ায় মানবিক সহায়তা পাঠাচ্ছে। তবে তিনি বলেন, “কলম্বিয়ার সরকার তাদের কাছে উদ্ধারকারী দল বা চিকিৎসাকর্মী নয়, মূলত ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী চেয়েছে”।

পেরু বুধবার জানায়, তারা অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের একটি দল পাঠাবে।

পরে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক সহায়তার জন্য প্রয়োজনীয় “সুনির্দিষ্ট চাহিদার” একটি তালিকা তৈরি করা হচ্ছে। এ কাজে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সহায়তাও চাওয়া হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নতুন প্রধান জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, এল সালভাদর, ইকুয়েডর ও ইসরায়েল- এই চার দেশ থেকে উদ্ধারকারী দল চাওয়া হয়েছে।

তার দাবি, এসব দেশের উদ্ধারকারী দল আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের প্রয়োজনীয় সনদ ও স্বীকৃতি পূরণ করে।

তবে পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা দাবি করেন, কোনো দেশের সহায়তা রাজনৈতিক বা মতাদর্শগত কারণে প্রত্যাখ্যান করা হয়নি।

তার ভাষায়, “আমাদের কাছে আসা কোনো দেশের প্রস্তাবই আমরা বাদ দিইনি। কোনো আদর্শিক বা রাজনৈতিক বিবেচনা ছাড়াই আমরা দেশগুলোর সঙ্গে কাজ করছি”।

যুক্তরাষ্ট্রও বুধবার নিশ্চিত করে যে কলম্বিয়া সরকারের অনুরোধ পাওয়ার পর তারা ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়া থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর ব্যবস্থা করেছে।

তবে সান্দ্রা বোর্দার মতে, শুরু থেকেই নতুন সরকারের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কিছু অংশের প্রতি ‘গভীর অবিশ্বাস’ দেখা গেছে।

তিনি বলেন, “বিদেশি উদ্ধারকারী দলগুলো কীভাবে কলম্বিয়ায় প্রবেশ করবে, সে বিষয়ে শুরুতে কোনো পরিষ্কার প্রক্রিয়া ছিল না। পরে বিদেশি বিশেষজ্ঞদের আসার অনুমতি দেওয়ায় শুরুতে তাদের প্রয়োজন নেই”।


বোর্দা বলেন, ধ্বংসযজ্ঞের মাত্রা মোকাবিলায় দেশীয় উদ্ধারকারী দলগুলোই যথেষ্ট- শুরু থেকেই এমন একটি ধারণা ছিল। কিন্তু এই সিদ্ধান্তের পক্ষে কোনো প্রকাশ্য কারিগরি মূল্যায়নও সামনে আনা হয়নি।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর একটি কালি শহরের দমকল বিভাগের জরুরি ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসপ্রাপ্ত ভবনের কাছে বিদেশি স্বেচ্ছাসেবকদের যাওয়া উচিত নয়, কারণ সেখানে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত ও বিশেষায়িত উদ্ধারকর্মী ইতোমধ্যে কাজ করছেন।

মেক্সিকোর দুর্যোগ মোকাবিলায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন টোপোস ত্লাতেলোলকো উদ্ধারকারী দলও বুধবার জানায়, কলম্বিয়ার কর্তৃপক্ষ তাদের প্রবেশের অনুমতি দিচ্ছে না এবং স্থানীয় উদ্ধারকারীরাই অভিযান পরিচালনা করছেন।

তবে একই দিনে পেরেইরা শহরে মেক্সিকো থেকে ১৯ দশমিক ৫ টন ত্রাণ পৌঁছায়। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী কয়েক দিনে আরও কয়েকটি ত্রাণবাহী ফ্লাইট আসবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমও নিশ্চিত করেছেন যে তার সরকার শেষ পর্যন্ত কলম্বিয়ার সঙ্গে সমন্বয় করতে সক্ষম হয়েছে। কলম্বিয়ার পক্ষ থেকে নির্দিষ্ট কিছু সামগ্রী চাওয়া হয়েছিল এবং ত্রাণের পাশাপাশি মেক্সিকোর সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য ওই ফ্লাইটে ছিলেন।

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “কলম্বিয়া একা নয়—আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সঙ্গে আছে”।

তবে উদ্ধার অভিযানের গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা যখন শেষের দিকে, তখন শুরুতে আন্তর্জাতিক সহায়তা গ্রহণে বিলম্বের সিদ্ধান্তটি দেশটির নতুন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা