প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৮:০৯ পিএম
আফগানিস্তানে ২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়। প্রতীকী ছবি/বিবিসি বাংলা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) বলেছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আনুমানিক ২৪ লাখ আফগান মেয়ে মাধ্যমিক শিক্ষায় অংশ নিতে পারেনি।
এ সপ্তাহে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পঞ্চম বার্ষিকী পালন করছে। এ সময় মানবাধিকার পর্যবেক্ষকদের উদ্বেগ বাড়তে থাকলেও কিছু দেশ তালেবান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক বাড়িয়েছে।
ইউনেসকোর এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে মেয়ে ও নারীদের আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। সংস্থাটি বলেছে, এই পরিস্থিতি “আফগানিস্তানকে কয়েক দশক ধরে সম্ভাবনা হারানোর, আরও দারিদ্র্যের মুখোমুখি হওয়ার এবং অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে ফেলছে।”
ইউনেসকোর হিসাব অনুযায়ী, নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার ওপর নিষেধাজ্ঞার কারণে ২০৬৬ সালের মধ্যে ছয় লাখ আফগান নারী শ্রমশক্তি থেকে বেরিয়ে যেতে পারেন। এতে মোট ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার আয়ের ক্ষতি হতে পারে এবং বাল্যবিবাহের ঝুঁকি বাড়তে পারে।
তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।
যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার করার পর ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় এলে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার আশ্বস্ত করেছিল যে নারীরা অবাধে স্কুলে যেতে এবং শিক্ষা গ্রহণ করতে পারবেন।
‘ইসলামি আইন’ এবং ‘আফগান সংস্কৃতি’র ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান করে বলেও জানায় তারা।
কিন্তু এসব প্রতিশ্রুতি সত্ত্বেও ২০২২ সালের মার্চে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং পরে ২০২২ সালের ডিসেম্বরে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও নিষিদ্ধ করা হয়। তালেবান উভয় নিষেধাজ্ঞাকেই সাময়িক বলে বর্ণনা করেছিল, কিন্তু সেগুলো এখনো বহাল রয়েছে।
তালেবানের বিধিনিষেধ নারীদের কাজ এবং চলাচলের ক্ষেত্রেও প্রভাব ফেলেছে।