ফাওজি আল-মানসুরি। ছবি: লিবিয়ান ন্যাশনাল আর্মির এক্স থেকে
লিবিয়ার পূর্বাঞ্চলে স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল ফাওজি আল-মানসুরি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন।
বেনগাজির হাওয়ারি এলাকায় সোমবার রাতে নিজ বাড়ির বাইরে গাড়িতে ওঠার সময় তার গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার বিষয়ে দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়েছে সংস্থাটি।
ঘটনার পর পূর্বাঞ্চলীয় লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা সাদ হাম্মাদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এক বিবৃতিতে হাম্মাদ বলেন, “এই বিশ্বাসঘাতক সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা সর্বোচ্চ নিন্দা জানাই”।
তিনি আরও বলেন, “যারা হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, বাস্তবায়ন, অর্থায়ন বা উসকানি দেয়, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।’
২০২৪ সালে বেনগাজিতে সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান আল-মানসুরি। একই সময়ে তাকে মেজর জেনারেল পদমর্যাদা দেওয়া হয়।
তার হত্যাকাণ্ড লিবিয়ার চলমান নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। ২০২০ সালে একটি যুদ্ধবিরতির মাধ্যমে দেশটিতে বড় ধরনের সংঘাত বন্ধ হলেও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রশাসনের প্রভাব এখনো বহাল রয়েছে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহের মাধ্যমে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ২০১৪ সাল থেকে লিবিয়া কার্যত পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে বিভক্ত হয়ে পড়ে।